উপমহাদেশের কিংবদন্তি নায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়ে গেল সপ্তাহব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। ইউনিভার্সাল ফুড লিমিটেড ও রূপকথা সিনেমার পৃষ্ঠপোষকতায় উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে গত ২৬ নভেম্বর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম সাইদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন রাম দুলাল ভৌমিক, মোস্তাফিজুর রহমান, সোহানী হোসেন, গোপাল সান্যাল, সুব্রত, কাজী মারুফ ও মিমো। সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন অভিনীত পথে হলো দেরী, আলো আমার আলো, ইন্দ্রাণী, সূর্য তরুণ, দেবদাস (হিন্দি), কমল লতা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, বিপাশা প্রদর্শন করা হয়।এ ছাড়া সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবে প্রতিদিন সন্ধায় চলচ্চিত্র প্রদর্শনের আগে চলে মুক্ত আলোচনা।সপ্তাহব্যাপী আলোচনায় অংশ নেন সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মোজাফফর হোসেন, নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস, অভিনেতা চঞ্চল চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, চিকিৎসক সরওয়ার জাহান ফয়েজ, টিভি উপস্থাপক আবদুলাহ আল মামুন, রইজউর রহমান, জাকির হোসেন, গোপাল সান্যাল, সাইদ হাসানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।বক্তারা বলেন, ‘সুচিত্রা সেন পাবনার মেয়ে এটা আমাদের গর্ব। তাই তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া পাবনাবাসী হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। শত কোটি টাকা ব্যয় করলেও সুচিত্রা সেনের আরেকটি জন্মভূমি তৈরি করা সম্ভব নয়। তাই আমরা আগামী প্রজন্মের কাছে সুচিত্রা সেনকে বাঁচিয়ে রাখতে তাঁর পৈতৃক বাড়িতে একটি স্মৃতি জাদুঘর করার দাবি জানাই।’ প্রসঙ্গত, সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি পাবনা শহরের দিলালপুর মহলায়, যেখানে কাটে সুচিত্রা সেনের শৈশব-কৈশোর। তিনি পাবনার মহাকালী পাঠশালায় (বর্তমান টাউন গার্লস হাইস্কুল) নবম শ্রেণী পর্যন্ত পড়েছেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি পাবনা ছাড়েন।