পাবনায় আগুনমুখা নাটক মঞ্চস্থ
‘নাটক হোক জীবনের প্রকাশিত সত্য, নাটক হোক জীবনযুদ্ধের হাতিয়ার’—এ স্লোগানের মধ্য দিয়ে পাবনার দোয়েল সেন্টার মিলনায়তনে গত সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী মঞ্চস্থ হলো নাটক আগুনমুখা। প্রায় এক বছর পর জেলার অন্যতম নাট্য সংগঠন ড্রামা সার্কেল নাটকটি মঞ্চস্থ করেছে।মান্নান হীরা রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন পাবনা ড্রামা সার্কেলের নাট্যনির্দেশক দোলন আজিজ ও ফিরোজ খন্দকার। অভিনয় করেছেন অফিসার চরিত্রে ফিরোজ খন্দকার, বৃদ্ধ—ওহিদুল কাওসার, অসীম—স্বাধীন মজুমদার, রুমা—সিনথিয়া রহমান, বাদল—মোস্তাফিজুর রহমান, সৈনিক—সিরাজুল হক, তরুণ দাস, আজম ও জয় এবং গ্রামবাসী চরিত্রে হাফিজ, রতন, আমিনুল, শিশির ও তন্বী। নাটকটি পাবনা ড্রামা সার্কেলের ৩৪তম প্রযোজনা ছিল। ‘সাহসী যৌবন আমাদের গর্ব’—এ স্লোগান নিয়ে ১৯৮১ সালের ১৩ জুলাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। পাবনা শহরের অশোক স্কুলের একটি ধার করা কক্ষ থেকে যাত্রা শুরু করে তারা গত কয়েক বছরে আরও ৩৩টি মঞ্চনাটক ও প্রায় ১৫টি পথনাটক জেলা ও জেলার বাইরে মঞ্চস্থ করেছে।