পাবনায় কোচের চাপায় এক ব্যক্তি নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-ঢাকা মহাসড়কে সাঁথিয়া উপজেলার মাধপুর নামক এলাকায় একটি যাত্রীবাহী কোচের চাপায় আবদুল আজিজ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আবদুল আজিজের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের সোলাবাড়ীয়া গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে আবদুল আজিজ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী কোচ তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।এর পরপরই স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, অনেক দিন ধরেই এলাকাবাসী ওই স্থানে একটি গতিরোধকের দাবি করে আসছিল। এ ঘটনার পর ওই দাবিতেই তারা সড়ক অবরোধ করে। পরে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।