পাবনায় গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়ীয়া গ্রামে গণপিটুনিতে মো. আনোয়ার হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের দাবি, নিহত আনোয়ার চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল— লাল পতাকা) আঞ্চলিক নেতা ও থানার তালিকাভুক্ত পলাতক আসামি। তাঁর বাড়ি সাঁথিয়া উপজেলার ভুলবাড়ীয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত তিনটার দিকে আনোয়ার হোসেন তাঁর সঙ্গীদের নিয়ে গ্রামের ফখরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির অন্য সদস্যরা চিত্কার শুরু করে। এলাকাবাসী জড়ো হয়ে আনোয়ারকে গণপিটুনি দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে আনোয়ারের সঙ্গীরা দুটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। এতে ফখরুল ইসলাম (৩৫) ও তাঁর ভাবি আজিমন খাতুন (৩০) আহত হন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকেই পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকাল সাতটার দিকে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।