পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা
পাবনার আতাইকুলা থানার হরিপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম মো. আক্কাস আলী প্রামাণিক (৪২)। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক প্রধান ছিলেন বলে পুলিশ দাবি করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে আক্কাস আলী তাঁর বাড়ির সামনের সড়কে প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিল। এ সময় আট থেকে ১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তিনি দৌড়ে বাড়ির উঠানে এসে পা পিছলে পড়ে গেলে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম চৌধুরী জানান, নিহত আক্কাস আলী প্রামাণিক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) হরিপুর অঞ্চল প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি আতাইকুলা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। চরমপন্থী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।