পাবনায় চরমপন্থী নেতার লাশ উদ্ধার
পাবনা সদর উপজেলার খয়েরসুতী স্কুল অ্যান্ড কলেজের পেছন থেকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ আবদুল আজিজ (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পুলিশের দাবি, নিহত আজিজ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লালপতাকা) আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর বাড়ি জেলার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে। স্থানীয় এলাকাবাসী জানান, স্কুলের পেছনের একটি ধানখেতে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে ছিল। এলাকাবাসী লাশটি দেখে পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন জানান, আজিজকে গতকাল বুধবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে আজ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রওশন আলী জানান, নিহত আজিজ তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে আটঘরিয়া থানায় দুটি হত্যা ও একটি বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে।