পাবনায় ছাত্রলীগ-যুবলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছেন। নিজেদের পছন্দের প্রার্থী নিয়োগের দাবিতে তাঁরা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুটি কেন্দ্রে ভাঙচুর, লুটতরাজ, মারধর এবং প্রশ্ন ও উত্তরপত্র পুড়িয়ে ফেলেন। বাধা দিলে নেতা-কর্মীরা চার সরকারি কর্মকর্তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত এবং তাঁদের গাড়ি ভাঙচুর করেন। এরপর প্রশাসন পরীক্ষা স্থগিত করে।এ ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন নিয়াজী প্রথম আলোকে জানান, হামলার ঘটনায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম দ্রুত বিচার আইন এবং পাবনা জিলা স্কুলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পাবনা সদর থানায় দুটি মামলা করেছেন। এসব মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানকে। মামলায় জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আহমেদ শরীফ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জহির হাসানসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকিদের নাম পুলিশ এখনই প্রকাশ করছে না বলে জানিয়েছে। এ ছাড়া ছাত্রলীগ-যুবলীগের অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।জেলা প্রশাসন ও একাধিক পরীক্ষার্থী সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর ১৭টি পদে নিয়োগের জন্য গতকাল সকাল নয়টায় পাবনা জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এতে এক হাজার ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা শুরুর ১০ থেকে ১৫ মিনিট পর ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতা-কর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রথমে বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। তাঁরা কেন্দ্রের চেয়ার, বেঞ্চ ভাঙচুর করেন এবং প্রশ্ন ও উত্তরপত্র পুড়িয়ে ফেলে পরীক্ষার্থীদের বের করে দেন। এ সময় বাধা দিলে নেতা-কর্মীরা কেন্দ্রের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির ও রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনির হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তাঁদের চারটি গাড়ি ভাঙচুর করা হয়। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাঁরা আবারও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বেরিয়ে জিলা স্কুল কেন্দ্রে গিয়ে একইভাবে ভাঙচুর করেন।একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেন, উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের মুঠোফোন, টাকা ও মেয়েদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন ও মারধর করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘হামলার ঘটনায় আমরা হতভম্ব হয়ে গেছি। জয় বাংলা স্লোগান দিয়ে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। সরকারের কর্মকর্তা হয়ে এর চেয়ে বেশি বলতে পারব না।’ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনির হোসেনও একই কথা বলেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইসহাক দাবি করেন, হামলার ঘটনায় ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত নন। পরীক্ষার তিন দিন আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে ছাত্রলীগ বা যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই।জেলা ছাত্রলীগের সভাপতি আহমেদ শরীফ বলেন, প্রশাসন প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ধামাচাপা দিতেই ছাত্রলীগকে দায়ী করছে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী ঘটনার সময় সেখানে ছিলেন না বলে তিনি দাবি করেন।জেলা প্রশাসক এ এফ এম মঞ্জুর কাদির প্রশ্নপত্র ফাঁস নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনা যা ঘটার প্রকাশ্যে দিনের বেলা ঘটেছে। এলাকাবাসী তা দেখেছেন, শুনেছেন। এখানে কিছুই বলার নেই। তবে কারা জড়িত ছিল সে বিষয়ে তদন্ত চলছে। পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।’ জেলা প্রশাসক আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক জরুরি সভা করে সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ ক্ষতিসাধন করায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।