পাবনায় ছাত্রলীগ যুবলীগের ৩১ নেতা-কর্মী খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৩১ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে দ্রুত বিচার আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক এই রায় দেন।সরকারপক্ষের আইনজীবী সহকারী কৌঁসুলি (এপিপি) আহসান হাবীব দাবি করেন, বাদীর দুর্বল সাক্ষ্য ও অপর সাক্ষীদের সাক্ষ্যের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁরা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন।আদালত সূত্রে জানা যায়, মামলাটির রায় দেওয়ার তারিখ ধার্য ছিল গতকাল। জামিনে থাকা আসামিরা বেলা ১১টায় আদালতে হাজির হন। আদালতের বিচারক মুখ্য বিচারিক হাকিম কবির উদ্দিন প্রামাণিক রায়ে বলেন, সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হলো।যা ঘটেছিল: গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এতে পরীক্ষা ভণ্ডুল হয়ে যায়। সেদিন রাতে জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৩৩ জন নেতা-কর্মীকে আসামি করে দ্রুত বিচার আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করেন। মামলা প্রত্যাহার এবং জেলা প্রশাসকসহ কয়েকজন কর্মকর্তাকে পাবনা থেকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। পরে পুলিশ মামলার ছয়জন আসামিকে গ্রেপ্তার করে। অথচ দায়িত্বে অবহেলার অভিযোগে ২২ সেপ্টেম্বর পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানসহ দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ২৬ সেপ্টেম্বর মামলার অপর ২১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। ২৭ সেপ্টেম্বর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পাবনা সফর করেন। তাঁরা জেলা প্রশাসনসহ জেলার সরকারি কর্মকর্তা ও ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরদিন ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক মনজুর কাদির, পুলিশ সুপার জামিল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিমকে পাবনা থেকে প্রত্যাহার করা হয়। পরে বিভিন্ন সময়ে আসামিরা সবাই জামিনে মুক্তি পান।মামলার বাদী ও আসামি ছিলেন যাঁরা: সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ও দ্রুত বিচার আইনে মামলার ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বাদী হন। দুটি মামলায়ই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, সংগঠনের সদর উপজেলা কমিটির সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক ইমারন হোসেন, এডওয়ার্ড কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, এডওয়ার্ড কলেজ শাখার সাবেক সভাপতি সন্তোষ হাওলাদার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহির হাসান, ত্রাণবিষয়ক সম্পাদক মো. সজল, পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য স্বপন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, যুবলীগের কর্মী রেজা, শরীফ, হারুন, লালু, আরিফ, জনি, আলাল ও বাবু এবং ছাত্রলীগের কর্মী ইমরান, সবুর, মজিদসহ ৩৩ জনকে আসামি করা হয়।অভিযোগপত্রে যা বলা হয়: ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম দুজন আসামিকে বাদ দিয়ে ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, ১৭ সেপ্টেম্বর সকাল নয়টায় জেলা প্রশাসনের কর্মচারী নিয়োগ পরীক্ষা শুরু হয়। নয়টা ৩৫ মিনিটে আসামিরা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরীক্ষাকেন্দ্রে হামলা চালান। তাঁরা পুলিশের কর্মকর্তা আবদুস শুকুরসহ পুলিশ সদস্যদের মারধর করে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালান। তাঁরা পরীক্ষার প্রবেশপত্র ও উত্তরপত্র ছিনিয়ে নিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় মামলার বাদী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। মামলার আলামত ও সাক্ষী: তদন্ত কর্মকর্তা মামলার আলামত হিসেবে ভাঙচুর করা চারটি গাড়ি, আগুনে পোড়া ৬০টি আবেদনপত্র, ২৩টি খাতা ও দুটি প্রশ্নপত্র আদালতে জমা দেন। এ ছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন, রাজশাহী বিভাগীয় সহকারী কমিশনার মমিনুর রহমান, সদর ইউএনও আবদুল হালিম, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, ম্যাজিস্ট্রেট ইসমত আরাসহ ২১ জনকে সাক্ষী করা হয়।সাক্ষ্য দেন আটজন: দ্রুত বিচার আদালতের কার্যবিবরণী থেকে জানা যায়, ২২ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিন ছিল। সেদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। ৩০ নভেম্বর পরবর্তী দিনেও কোনো সাক্ষ্য গ্রহণ হয়নি। ৮, ১৮ ও ২৩ ডিসেম্বর ২১ জন সাক্ষীর মধ্যে আটজন সাক্ষ্য দেন।এপিপি আহসান হাবিব জানান, প্রধান সাক্ষী রাজশাহী বিভাগীয় সহকারী কমিশনার মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত আরা পারভীন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান সাক্ষ্য দিতে আদলতে আসেননি। মামলার বাদী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, পুলিশ কনস্টেবল আবদুর রউফ, জেলা প্রশাসনের পিয়ন শুকুর আলীসহ যে আটজন সাক্ষ্য দিয়েছেন, তাঁরা সবাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাঁরা ঘটনার সময় আসামিদের চিনতে পারেননি বলে আদালতকে জানান।রায়ের পর প্রতিক্রিয়া: রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, এই রায়ে প্রমাণিত হয়, সেদিনের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের কোনো নেতা-কর্মী জড়িত ছিলেন না। তৎকালীন প্রশাসন শুধু হয়রানির উদ্দেশ্যেই মামলাটি করেছিল।মামলার বাদী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, ‘সাক্ষীদের হাজির করার দায়িত্ব বাদী হিসেবে আমার ছিল না। সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আদালত যে রায় দিয়েছেন, তা নিয়ে কিছু বলার অধিকার আমার নেই।’আওয়ামী লীগের নেতা আইনজীবী আমজাদ হোসেন বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় হয়েছে। তবে অনেকের সামনে ঘটা একটি ঘটনায় দোষীদের খুঁজে না পাওয়ার বিষয়টি অস্বস্তিকর।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা আইনজীবী মির্জা আজিজুর রহমান বলেন, আসামিরা পার পেয়ে যাওয়ায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়ে গেল।