পাবনায় ছাত্রলীগের হামলা, তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দলের প্রার্থী নিয়োগের দাবিতে ছাত্রলীগের হামলা ও ভাঙচুরের ঘটনায় পাবনার জেলা প্রশাসক অফিসে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টায় এ পরীক্ষা শুরু হয়। পরে এ ঘটনায় জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে এ ব্যাপারে একটি মামলা করা হবে বলে সিদ্ধান্ত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমামউদ্দিন কবির জানান, সকাল নয়টার দিকে পাবনা জেলা স্কুল ও পাবনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। ১৭টি পদের জন্য এতে অংশ নেন এক হাজার ২৬৫ জন প্রার্থী। পরীক্ষা শুরুর ১০-১৫ মিনিটের মধ্যে ছাত্রলীগের কর্মীরা নিজ দলের প্রার্থী নিয়োগের দাবিতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা চেয়ার-টেবিলসহ জেলা প্রশাসন অফিসের চারটি গাড়ি ভাঙচুর করেন। গাড়িগুলো হলো অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমামউদ্দিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পাল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম ও রাজশাহীর বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক মনির হোসেনের (স্থানীয় সরকার বিভাগ)। মনির হোসেন জানান, এ ঘটনার পর পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে।পরীক্ষার্থীদের অভিযোগ, দুর্বৃত্তরা হলে ঢুকে প্রশ্ন ও উত্তরপত্র পুড়িয়ে দেয় এবং তাঁদের কাছ থেকে মুঠোফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এখনো এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইসহাক শামীম জানান, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সম্পর্ক নেই। তিন দিন আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটায়। জেলা ছাত্রলীগের সভাপতি আহমেদ শরীফ এ ঘটনায় তাঁদের সংগঠন জড়িত নয় বলে জানান।