পাবনায় জামায়াতের নেতা সুবহানের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে জেলা আমলি আদালত-১-এ তাঁর পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালে পাবনা সদর উপজেলার চরতারপুর গ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আবদুস সুবহানকে গত বৃহস্পতিবার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। দুই দিন সরকারি ছুটি থাকায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে সুবহানের আইনজীবীরা জেলা আমলি আদালত-১-এ তাঁর জামিন আবেদন করেন। আদালতের বিচারক ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু সালেহ মো. সালাউদ্দিন মামলার শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন। এ ব্যাপারে আবদুস সুবহানের আইনজীবী হামিদুর রহমান বলেন, ‘আসামির বয়স, মামলার ঘটনাকালসহ চারটি বিষয় উল্লেখ করে আমরা জামিনের আবেদন করেছিলাম। আদালত আবেদন নামঞ্জুর করেছেন।’