পাবনায় ডাকাতের হামলায় শিক্ষকের স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাথিয়া উপজেলায় সুশীল চন্দ্র সরকার (৫৫) নামে এক শিক্ষকের বাড়িতে গতকাল শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ওই শিক্ষকের স্ত্রী ইলা রানী (৪৫) সরকারের মৃত্যু হয়। শিক্ষকসহ আহত হন ওই পরিবারের পাঁচজন। উপজেলার নন্দনপুর ইউনিয়নের জোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে।শিক্ষকের পরিবার, প্রতিবেশী ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে একদল ডাকাত সুশীল চন্দ্র সরকারের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ঘরে ঢুকে মূল্যবান জিনিস লুটে নিতে শুরু করলে পরিবারের লোকজন বাধা দেয়। এতে ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনাস্থলেই শিক্ষকের স্ত্রী ইলা রানী সরকারের মৃত্যু হয়। সুশীল চন্দ্র সরকার স্থানীয় খয়েরবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক। গুরুতর আহত শিক্ষক সুশীল চন্দ্র সরকারসহ পাঁচজনকে সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানায় আনা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। শিক্ষকের পরিবারের বেশির ভাগ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় কী পরিমাণ মালামাল ডাকাতরা লুটে নিয়েছে, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।