পাবনায় ডিসির অপসারণ চেয়ে ছাত্রলীগ-যুবলীগের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার জেলা প্রশাসক (ডিসি) এ এফ এম মঞ্জুর কাদিরকে অপসারণের দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ গতকাল শনিবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা প্রশাসনে কর্মচারী নিয়োগ পরীক্ষার দুটি কেন্দ্রে হামলার ঘটনায় করা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভ হয়। একই দাবিতে এ দুটি সংগঠন আজ রোববার সকালে মানববন্ধন কর্মসূচি দিয়েছে।পুলিশ জানায়, পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় করা মামলার আসামি এবং জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রায়হানকে পুলিশ গতকাল দুপুর একটায় গ্রেপ্তার করে। শহরের আবদুল হামিদ সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এদিকে গত শুক্রবার সকালের ঘটনায় প্রশাসনের করা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের জড়ানো হয়েছে দাবি করে জেলা আওয়ামী লীগ দুপুরে সংবাদ সম্মেলন করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার দুটি কেন্দ্রে হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ ক্ষতিসাধনের মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগের নেতা রায়হানকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।জানা যায়, রায়হানকে গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যায় ছাত্রলীগ ও যুবলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আবদুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে আবার ওই কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে জেলা প্রশাসকের অপসারণ দাবি করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আহম্মেদ শরীফ মুঠোফোনে প্রথম আলোকে জানান, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও জেলা প্রশাসকের অপসারণের দাবিতে আজ রোববার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হবে।দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আহাদ বলেন, ‘বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে জড়িয়ে শুক্রবার সকালের ঘটনা নিয়ে যে সব সংবাদ প্রচার ও প্রকাশিত হয়েছে, তা ঠিক নয়। কর্মচারী নিয়োগ পরীক্ষা শুরুর আগেই জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষার্থীরাই ওই ঘটনা ঘটায়। কিন্তু ডিসি এ এফ এম মঞ্জুর কাদির নিজের দায় ঢাকতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন এবং মিথ্যা মামলা দিয়েছেন। আমরা এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।’সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইদুল হক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘গুটিকয়েক ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে। এ জন্য দল দায়ী হতে পারে না। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই।’সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খোন্দকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক প্রমুখ।আওয়ামী লীগের নেতাদের অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক বলেন, প্রশ্নপত্র রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তৈরি হয়ে শুক্রবার সকালে পরীক্ষাকেন্দ্রে এসেছিল। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই।প্রসঙ্গত, শুক্রবার সকালে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা শুরু হলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা দুটি পরীক্ষাকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটতরাজ করে। এরপর দুপুরে জেলা প্রশাসন জরুরি সভা করে নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। পরে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান, মো. রায়হানসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করেন।