পাবনায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর থানায় পুলিশ হেফাজতে মো. হাসান আলী (৩২) নামের এক আসামির মৃত্যুর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। হাসানের মামা আবদুল মান্নান বাদী হয়ে গতকাল রোববার বিকেলে পাবনার জেলা আমলী আদালতে মামলাটি করেন।মামলার আসামিরা হলেন—ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর, উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান ও কনস্টেবল গোলাম মোস্তফা। প্রসঙ্গত, একটি শিশুকে অপহরণের অভিযোগে সেখানকার লোকজন ১৪ ফেব্রুয়ারি হাসানকে আটক করে পুলিশে দিয়েছিল। ওই দিন রাতেই থানা হাজতে তাঁর মৃত্যু হয়।আদালত সূত্রে জানা যায়, গতকাল বিকেল চারটার দিকে বাদী আদালতে উপস্থিত হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক মামলাটি গ্রহণের পর একজন বিচারিক হাকিমকে তদন্তের দায়িত্ব এবং আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষীদের আদালতে হাজিরের নির্দেশ দেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, থানায় আটকের পর আসামিরা হাসান আলীর ওপর নির্যাতন চালায় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পুলিশের নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এতে হাসানের মৃত্যু হয়।মামলার প্রধান সাক্ষী ও ফরিদপুর উপজেলার চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, শত শত মানুষের সামনে হাসানকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছিল। কিন্তু তাঁর এই অস্বাভাবিক মৃত্যু রহস্যের সৃষ্টি করে। তিনি কেন এ মৃত্যু ঘটল তার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘মামলা বিষয়ে শুনেছি। আইন অনুযায়ী যা হওয়ার হবে। তবে ঘটনার পর পরই আমি দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই আক্তারুজ্জামান ও হাজত রক্ষী কনস্টেবল গোলাম মোস্তফাকে সাময়িকভাবে বরখাস্ত করি।’ তিনি জানান, ঘটনা তদন্তে সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেনকে প্রধান করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। তিনি আরও বলেন, ‘থানা হাজতে কীভাবে মৃত্যুর ঘটনাটি ঘটল, তা আমরা নিশ্চিত হতে পারিনি। তদন্ত কমিটির প্রতিবেদন ও নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।’