পাবনায় তিন পুলিশ হত্যা: আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় সন্ত্রাসী হামলায় তিন পুলিশ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আবদুর রহিম (২৫)। পুলিশ তাঁকে ঢালারচর থেকে গ্রেপ্তার করে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ নিয়ে এই পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো। গত বুধবার রাতে পুলিশ জেলার সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের নাদের প্রামাণিক (৫২) এবং বেড়া উপজেলার পুরান মাসুন্দিয়া গ্রামের ওয়াজেদ আলীকে (৪২) গ্রেপ্তার করে। ওই দিন বিকেলে কনস্টেবল আবদুর রশীদ বাদী হয়ে বেড়া থানায় মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োজিত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। গত মঙ্গলবার উপজেলার মাসুন্দিয়া ইউনিয়নের দুর্গম চর এলাকার দাসপাড়ায় সন্ত্রাসীদের হামলায় ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ ও সেপাই রশীদ খুন হন।