পাবনায় তিন পুলিশসহ চারজনকে হত্যা
পাবনার বেড়া উপজেলায় সন্ত্রাসী হামলায় একজন কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য ও একজন সোর্স খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মাসুন্দিয়া ইউনিয়নের দুর্গম চর এলাকার দাসপাড়ায় এ ঘটনা ঘটে।রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোখলেছুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পুলিশের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই বেড়ার ঢালারচর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চরমপন্থীদের হাতে তাঁরা খুন হয়েছেন।যাঁরা নিহত হয়েছেন তাঁরা হলেন ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ, সিপাহি রশীদ ও পুলিশের সোর্স আবদুল গনি।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ গতকাল রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশি পাহারা বাড়ানো হয়েছে এবং সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।এদিকে পুলিশের একটি সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতেই পাবনার পুলিশ সুপার জামিল আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছেন।উল্লেখ্য, বেড়া উপজেলা সদর থেকে প্রায় ২৭ কিলোমিটার ও পাবনা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পদ্মা ও যমুনার মিলনস্থলের পার্শ্ববর্তী দুর্গম চরাঞ্চলে ঢালারচরের অবস্থান। অত্যধিক দুর্গম এলাকায় অবস্থিত বলে দীর্ঘদিন ধরে এলাকাটি চরমপন্থীদের অভয়ারণ্য তথা প্রশিক্ষণের স্থান বলে বিভিন্ন সূত্রে জানা যায়।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার আগে যমুনার দুর্গম চর এলাকার ঢালারচর ইউনিয়নে অবস্থিত ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের পাঁচ সদস্য মাসুন্দিয়া ইউনিয়নের রাজধরদিয়া বাজারে কেনাকাটা করতে যান। পরে সন্ধ্যার দিকে পুলিশ ফাঁড়িতে ফেরার পথে দাসপাড়া এলাকায় তাঁরা বেশ কয়েকজন অস্ত্রধারীকে ঘোরাফেরা করতে দেখেন। এ সময় তাঁরা অস্ত্রধারীদের চ্যালেঞ্জ জানালে একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের উদ্দেশে গুলি ছোড়ে। এতে সোর্সসহ ওই চারজন ঘটনাস্থলেই নিহত হন।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান গতকাল রাত ১০টার দিকে ঘটনাস্থলের দিকে রওনা হন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এলাকাটি দুর্গম। আমি ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছি। ঘটনাস্থলে না পৌঁছে কারা বা কয়জন নিহত হয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারছি না।’ এ বিষয়ে আরও তথ্য জানতে রাত ১২টার দিকে তাঁর মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুর রহমান বলেন, ‘রাজধরদিয়া বাজারের কাছে সন্ধ্যার কিছু পরে পুলিশের কয়েকজন সদস্যের নিহত হওয়ার খবর শুনেছি।’বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার খালিদ হোসেন তিন পুলিশ হত্যার সত্যতা নিশ্চিত করেছেন।২০০০ সালের ১১ সেপ্টেম্বর ঢালারচর ইউনিয়নের কোমরপুর গ্রামে চরমপন্থীদের সঙ্গে বন্দুকযুদ্ধে বেড়া থানার এসআই হেদায়েতুল ইসলাম ও চরমপন্থী দলের তিন সদস্য নিহত হন। ওই ঘটনার পর কয়েক দিন ধরে ঢালারচর ইউনিয়নে ব্যাপক পুলিশি অভিযান হয়েছিল।