অ্যানথ্রাক্স-আতঙ্কের প্রভাবে গরুর দুধ ও মাংসের চাহিদা পড়ে যাওয়ায় এমনিতেই ক্ষতির মুখে পাবনার গরু খামারিরা। এর ওপর হঠাৎ করেই গোখাদ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় খামারিরা এখন দিশেহারা। এ অবস্থা চলতে থাকলে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল বলে পরিচিত পাবনার দুগ্ধশিল্প মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।খামারিরা জানান, এ বছরের জানুয়ারিতেও গোখাদ্য—খড়, ভুসি ও খৈলের দাম বেশ সহনীয় ছিল। তখন প্রতিমণ খড় ১১০ টাকা, প্রতিবস্তা ভুসি ৪৫০ থেকে ৫০০ টাকা ও প্রতিমণ খৈল ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হতো। বর্তমানে সেগুলোর দাম বেড়ে দ্বিগুণের কাছাকাছি হয়ে গেছে। অথচ গরুর দুধের দাম তো বাড়েইনি বরং কমেছে।বেড়া পৌর এলাকার পায়না মহল্লার ক্ষুদ্র খামারি মানিক মিয়া বলেন, ‘৮-১০ মাস আগেও গাভিকে খড়-ভুসি মিলিয়ে ১০০ টাকার খাবার খাওয়ালেই চলত। কিন্তু এখন ২০০ টাকায়ও হত্যাছে না। এদিকে আগে ২৫ টাকা লিটার দরে দুধ বেচত্যাম, এখনো সেই দরেই বেচত্যাছি। এতে দুধ বেইচ্যা গরুর খাওয়ার খরচই তুলব্যার পারত্যাছি না।’বাঘাবাড়ী মিল্কভিটা দুগ্ধ সমবায় সমিতির আওতাধীন হাটুরিয়া-জগন্নাথপুর প্রাথমিক দুগ্ধ সমিতির সভাপতি মোমিন মোল্লা বলেন, ‘আমার সমিতিতে সদস্য খামারির সংখ্যা ১৭১ জন। গোখাদ্যের দাম বাড়ায় তাদের সবাইকেই কয়েক মাস ধরে লোকসান গুনতে হচ্ছে। লোকসানের কারণে কেউ কেউ গরু বিক্রি করে দিতেও শুরু করেছে।’খামারের মালিকেরা অভিযোগ করেন, সিন্ডিকেটের মাধ্যমে গোখাদ্যের দাম বাড়ানো হয়েছে। খামারিরা অভিযোগ করেন, সকালে দোকানে গেলে দেখা যায় কোনো গোখাদ্য নেই। অথচ দুপুরে গেলে দোকানভর্তি গোখাদ্য থাকে। দোকানিরা সকালে গোখাদ্য-সংকটের গুজব তুলে দুপুরে দাম বাড়ান।বেড়া বাজারের পাইকারি গো-খাদ্য বিক্রেতা ও ভারত থেকে গো-খাদ্য আমদানিকারক সুশান্ত দত্ত ও মো. মানিক জানান, আন্তর্জাতিক বাজারে গোখাদ্য বিশেষ করে ভুসি ও ডালজাত পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এগুলোর দাম বাড়ছে। গোখাদ্যের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কোনো হাত নেই।মনজুর কাদের মহিলা কলেজের প্রভাষক ও গোখামারি আবুল কালাম আজাদ বলেন, অ্যানথ্রাক্সের প্রভাবে পশু জবাই কমে যাওয়ায় গরুর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কিছু বেশি। এ কারণেও পশুখাদ্যের চাহিদা বেড়েছে। আর এর প্রভাব পড়েছে পশুখাদ্যের দামের ওপর।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল আলম বলেন, ‘পশুখাদ্যের এমন দাম বৃদ্ধি সচরাচর দেখা যায় না। দাম বৃদ্ধির কারণে শুধু বেড়াই নয়, পার্শ্ববর্তী এলাকার খামারিরাও চোখে অন্ধকার দেখছেন। এ অবস্থা অব্যাহত থাকলে দুগ্ধশিল্পসমৃদ্ধ এ এলাকার গোখামারিরা পশুপালনে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।’উল্লেখ্য, পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান দুগ্ধ উৎপাদকারী অঞ্চল। এ অঞ্চলে প্রতিদিন গড়ে প্রায় দুই লাখ লিটার দুধ উৎপাদিত হয়।