পাবনায় নারী চরমপন্থী মোর্শেদা ৫ দিনের রিমান্ডে
পাবনায় গ্রেপ্তার হওয়া নারী চরমপন্থী মোর্শেদা খাতুনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাঁকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নম্বর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত আজ মঙ্গলবার শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।প্রাথমিক জবানবন্দিতে মোর্শেদা খাতুন (৩৭) চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। পুলিশ দাবি করেছে, সাঁথিয়া উপজেলার ধুলাউরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম দীপু হত্যার পরিকল্পনা তাঁর বাড়িতে হয়েছিল বলে মোর্শেদা স্বীকার করেছেন।পুলিশ সুপার নিবাশ চন্দ্র মাঝি জানান, মোর্শেদা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) পাবনা অঞ্চলের দায়িত্বে রয়েছেন। তাঁর কাছ থেকে লাল পতাকার রাজশাহী আঞ্চলিক কমিটির অধিবেশনসংক্রান্ত দলের সাফল্য-ব্যর্থতা, মতবাদ, সশস্ত্র সংগ্রাম, ঐক্য, কর্মসূচি, পার্টি গঠন, নারীবিষয়ক প্রশ্ন, আর্থসামাজিক বিশ্লেষণ ও আন্তর্জাতিকতাবাদী কর্তব্য বিষয়ে বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দলের নেতাদের বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ শহীদ কমরেড উপাধি দেওয়া পত্র এবং চীন বিপ্লবের বিভিন্ন দিক সন্নিবেশিত একটি পুস্তিকা পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোর্শেদা চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা ও দীপু হত্যা-পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।সোমবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোর্শেদাকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নম্বর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আজ শুনানি আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।