পাবনায় নিয়োগ পরীক্ষা ভণ্ডুল: একজন বাদে ২৬ আসামির জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের মামলায় আজ বুধবার জেলহাজতে থাকা ২৭ আসামির মধ্যে কেবল একজনের জামিন মঞ্জুর হয়েছে। দ্রুত বিচার আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার অন্য আসামিদের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন। ২০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনের দায়ের করা এ মামলার অভিযোগ শুনানির নির্ধারিত তারিখ ছিল আজ। বেলা ১১টায় আসামি পক্ষের আইনজীবীরা আদালতে জেলহাজতে থাকা ২৭ জন আসামির জামিন আবেদন করেন। তাঁদের মধ্যে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্তোষ কুমার হাওলাদার অসুস্থ থাকায় দ্রুত বিচার আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। তবে অন্য আসামিদের জামিন আবেদন তিনি আজ আবারও নামঞ্জুর করেন।উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর নিজেদের প্রার্থী নিয়োগের দাবিতে ছাত্রলীগের হামলা ও ভাঙচুরের ঘটনায় পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। ওই দিন রাতে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ-যুবলীগের ৩১ জন নেতা-কর্মীকে আসামি করে সরকারি কাজে বাধাদানের অভিযোগে দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন।