পাবনায় নিয়োগ পরীক্ষায় উপস্থিতি প্রায় অর্ধেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক নিরাপত্তার মধ্যে আজ শুক্রবার পাবনায় পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল প্রায় অর্ধেক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ভাগে শহরের মোট ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট আবেদনকারীর সংখ্যা ছিল পাঁচ হাজার ৬১৫। কিন্তু পরীক্ষায় অংশ নেন মাত্র তিন হাজার ৮৮ জন।পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল ব্যাপক নিরাপত্তা ও সতর্ক অবস্থা। ছয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন ছয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ছয় থানার ছয়জন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাঁদের সঙ্গে একজন করে উপপরিদর্শক (এসআই), একজন করে সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১৫ থেকে ২০ জন করে অস্ত্রধারী পুলিশ। এ ছাড়া পুলিশের দুটি ভ্রাম্যমাণ দল এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন ছিল।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর উল্লাহ জানান, কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। রাজশাহীর বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায় কেন্দ্রগুলো পরিদর্শন করেন।পরীক্ষার্থী উপস্থিতির বিষয়ে জাফর উল্লাহ বলেন, এই নিয়োগের বিজ্ঞপ্তি হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আনসার, পুলিশসহ বেশ কিছু নিয়োগ হয়ে গেছে। ফলে অনেক প্রার্থী ওই সব চাকরিতে যোগদান করায় এ পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমে গেছে।গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ভণ্ডুল হয়। এরপর এই নিয়োগ পরীক্ষাটি হলো। এ কারণে গতকালের পরীক্ষা ঘিরে এমন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।