পাবনায় নিয়োগ পরীক্ষায় হামলা: ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় জেলা পরিষদের পরীক্ষা ভণ্ডুলে দায়ের করা মামলায় মামুন হায়দার রনি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনি পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দায়ের করা মামলার ২৮ নম্বর আসামি।আজ বুধবার শহরের খেয়াঘাট রোড থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, শহরের খেয়াঘাট রোডে ঘোরাঘুরি করার সময় রনিকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে এ ঘটনায় আরেক আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়।গত শুক্রবার পরীক্ষা ভণ্ডুলের ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ ২৮ জন আসামির মধ্যে মাত্র দুজনকে গ্রেপ্তার করেছে।উল্লেখ্য, গত শুক্রবার সকালে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা শুরু হলে নিজ দলের প্রার্থী নিয়োগের দাবিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পরীক্ষাকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান।ফলে ওই দিন দুপুরেই জেলা প্রশাসন এক জরুরি সভা করে নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। পরে জেলা প্রশাসন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জহির হাসানসহ ২৮ জন এবং অজ্ঞাতনামা আরও শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করে।