পাবনায় নিয়োগ পরীক্ষায় হামলা: জেলা যুবলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলা এবং সরকারি সম্পদের ক্ষতিসাধনের মামলায় মো. রায়হান নামে জেলা যুবলীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়হান পাবনা জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক।আজ শনিবার দুপরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ঘটনার পর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের আসামি করে দ্রুত বিচার ও সরকারি কাজে বাধাদান আইনে দুটি মামলা করেন। মামলা গ্রহণের পর থেকেই পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করে। আজ দুপুর একটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এজাহারভুক্ত আসামি ও জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রায়হানকে গ্রেপ্তার করা হয়।মতিয়ার রহমান আরও বলেন, অন্যান্য আসামিকে ধরতেও পুলিশ ব্যাপক তত্পরতা চালাচ্ছে। তবে মামলার স্বার্থে এখনই অন্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না।প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা শুরু হলে নিজ দলের প্রার্থী নিয়োগের দাবিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পরীক্ষাকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ফলে ওই দিন দুপুরেই জেলা প্রশাসন এক জরুরি সভা করে নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। পরে জেলা প্রশাসন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জহির হাসানসহ ২৮ জন ও অজ্ঞাতনামা শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করে।