পাবনায় পল্লী বিদ্যুতের যন্ত্রাংশ চুরি, গ্রাহক হয়রানি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন তার, ট্রান্সফরমার ও যন্ত্রাংশ চুরিতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটছে। নিয়ম অনুযায়ী চুরি যাওয়া যন্ত্রাংশের দাম পরিশোধ করতে হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। চুরি বন্ধ না হলে আগামী বোরো মৌসুমে বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ থেকে গত ১০ বছরে প্রায় দুই কোটি টাকার ট্রান্সফরমার, তার ও যন্ত্রাংশ চুরি হয়েছে। এসব চুরির ঘটনায় জেলার বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে প্রায় ৪৫০টি মামলা। তবে মামলা করার পর আসামিদের ধরতে ও চুরি বন্ধে পল্লী বিদ্যুৎ সমিতি কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে।সূত্রটি জানায়, জেলায় গ্রামীণ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ সমিতিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। পাবনা-১ (চাটমোহর) ও পাবনা-২ (কাশিনাথপুর) সমিতির আওতায় পাবনা জেলার নয়টি এবং সিরাজগঞ্জ জেলার একটিসহ মোট ১০ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চলছে। ৭৬টি ইউনিয়নের এক হাজার ৯১৪টি গ্রামে পাঁচ হাজার ৭২৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে। আবাসিক গ্রাহক সংখ্যা রয়েছে এক লাখ ৪০ হাজার ৪৫৬ জন। বাণিজ্যিক গ্রাহক রয়েছে ২৬ হাজার ৩১২ জন। গভীর নলকূপ ৯০৪টি, অগভীর নলকূপ তিন হাজার ৪৯০টি। শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা রয়েছে দুই হাজার ৮৬২টি। এলএলপি ৭৯টি, দাতব্য প্রতিষ্ঠান রয়েছে তিন হাজার ৭৫টি। এর বাইরে এক হাজার ৬৩৪টি বাতির সংযোগ রয়েছে। কিন্তু এই বিশাল সংযোগ এলাকা সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে গত ১০ বছরে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এলাকা থেকে প্রায় ২৮০টি ট্রান্সফরমার ও ২০০ কিলোমিটার বৈদ্যুতিক তার এবং পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এলাকা থেকে ১০৭টি ট্রান্সফরমার ও প্রায় ৩০০ কিলোমিটার তার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।এলাকাবাসী জানান, অবিরত এই চুরির কারণে বিভিন্ন সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সেচ যন্ত্র ও শিল্পকারখানা বন্ধ রাখতে হয়েছে। আবার পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী চুরি যাওয়া যন্ত্রাংশের দামও দিতে হয়েছে তাদের। এতে গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক গ্রাহক জানান, একটি সংঘবদ্ধ চোরচক্র অবিরত এসব চুরির ঘটনা ঘটালেও পল্লী বিদ্যুৎ সমিতি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। থানায় নামমাত্র মামলা করলেও এর অগ্রগতি সম্পর্কে পল্লী বিদ্যুৎ সমিতি কোনো খবর রাখে না। গত বোরো মৌসুমে বিদ্যুৎ বন্ধ থাকায় অনেককেই বড় অঙ্কের লোকশান গুনতে হয়েছে। আবার পল্লী বিদ্যুৎ কর্মীদের অবহেলায় চুরি যাওয়া যন্ত্রাংশের দামও তাদের পরিশোধ করতে হয়েছে।আটঘরিয়া উপজেলার মাছপাড়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কাছে গ্রাহকেরা জিম্মি হয়ে পড়েছেন। তারা যেভাবে বলছেন গ্রাহকেরা বিভিন্ন সময় সেভাবেই তাদের আবদার মিটিয়ে যাচ্ছেন। তাদের অবহেলায় তার, ট্রান্সফরমার চুরি হলেও তার দায় নিতে হচ্ছে আমাদের।সদর উপজেলার আতাইকুলা গ্রামের কৃষক আবদুল আওয়াল বলেন, আমরা বিদ্যুৎ ব্যবহার করি টাকার বিনিময়ে। কিন্তু আমাদেরই পল্লী বিদ্যুতের তার ও ট্রান্সফরমার পাহারা দিয়ে রাখতে হয়। এর মাঝেও যদি চুরির ঘটনা ঘটে তার দায়ও আমাদের নিতে হয়। এটা কেমন নিয়ম বুঝি না।চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের গ্রহক মো. ছাত্তার প্রামাণিক বলেন, গত বোরো মৌসুমে এই চুরির কারণে আমাদের অনেক হয়রানি হতে হয়েছে। এ বছর মৌসুম শুরুর আগে পল্লী বিদ্যুৎ সমিতি যদি চুরি বন্ধে ব্যবস্থা না নেয় তাহলে কৃষকদের আরও ভোগান্তি পোহাতে হবে। এতে বড় ধরনের ক্ষতিরও আশঙ্কা রয়েছে। এসব বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক আবদুল মতিন বলেন, চুরি বন্ধে আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, লিফলেট বিতরণ, মাইকিং, রাতের অভিযান, সমিতি কর্তৃপক্ষ উদ্বুদ্ধকরণ সভাসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এতে চুরি অনেকাংশে কমে যাবে।