পাবনায় পাঁচ চরমপন্থী গ্রেপ্তার
পাবনা সদর উপজেলার সরগ্রাম এলাকা থেকে আজ রোববার ভোরে পাঁচ চরমপন্থীকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম এল লালপতাকা) সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের মো. সাহেব আলী (৩৫), বড়ইবাড়িয়া গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩২), আবদুল হান্নান (৪০), আজমত আলী (৩২) ও দেবীপুর গ্রামের মো. পান্টু শেখ (২৭)। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, চরমপন্থী সন্ত্রাসীরা ওই এলাকার বিলপাড়ে বৈঠক করছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ গতকাল শনিবার দিবাগত রাত তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সেখানে অভিযান চালায়। ওই সময় বিলের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।