পাবনায় বিএনপির শীর্ষ দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা শহরে নিজেদের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পুলিশ এ ব্যবস্থা নিল। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী প্রথম আলো ডটকমকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী বাদী হয়ে আরেকটি মামলা করেন। এই দুই মামলায় কে এস মাহমুদ ও হাবিবুর রহমানকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।পাবনা শহরে গতকাল দুপুরে বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মিলন হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত ও অন্তত ২০ জন আহত হন। বিএনপির দলীয় সূত্র জানায়, কমিটি গঠন নিয়ে পাবনা জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর এক অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং অন্য অংশে রয়েছেন জেলা বিএনপির সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র কামরুল হাসান। নিহত মিলন এক অংশের নেতা কামরুল হাসানের সমর্থক ছিলেন।