পাবনায় বোমা হামলায় চরমপন্থী নিহত
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার চরাডাঙ্গা গ্রামে বোমা হামলায় আহত মো. সিদ্দিক প্রামাণিক (৩৫) আজ বুধবার ভোরে মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালায় একদল সন্ত্রাসী।পুলিশের দাবি, সিদ্দিক চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) ক্যাডার ছিলেন। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, গতকাল রাত সোয়া একটার দিকে আট থেকে ১০ জনের একদল সন্ত্রাসী সিদ্দিক প্রামাণিকের বাড়িতে হানা দেয়। তারা তাঁকে ঘর থেকে বের হতে বললে তিনি বের হন। বাড়ির উঠানে আসার পর সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে রাতেই তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলের ভেতরের কোন্দলের জের ধরে সিদ্দিকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে স্থানীয় চরমপন্থী নেতা মোবারক হোসেনসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।