পাবনায় ময়লা-আবর্জনায় শহরবাসী অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রাধানগর মহল্লায় লাবণী আক্তার একটি ময়লার ব্যাগ হাতে বাড়ি থেকে বের হলেন। কিছু দূর এগিয়ে রাস্তা পার হয়ে তিনি ব্যাগটি ছুড়ে দিলেন পৌরসভার ড্রেনে। কাছে আসতেই হেঁসে বললেন, “ডাস্টবিন নেই তো, তাই ড্রেনেই ময়লা ফেলতে হয়।’ ঘটনাটি ১৭ মে সকালের। শুধু লাবণী আক্তার নন, পাবনা পৌর এলাকার সমস্ত পাড়া-মহল্লায় সকাল-বিকেল অবিরত ঘটছে এমন শত শত ঘটনা। ডাস্টবিনের অভাবে যেখানে-সেখানে আবর্জনা ফেলতে হচ্ছে শহরবাসীকে। ফলে ময়লার স্তূপে একদিকে ড্রেনের পানিপ্রবাহ বন্ধ হয়ে একটু বৃষ্টি নামলেই শহরের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। ডাস্টবিন-সংকটে ময়লা-আবর্জনার দুর্গন্ধে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে, তবে বরাদ্দ থাকলেও জায়গাসংকটে ডাস্টবিন তৈরি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।পৌরসভা সূত্রে জানা গেছে, পাবনা পৌর এলাকায় প্রায় ২৬ হাজার পৌর কর প্রদানকারী পরিবার রয়েছে। এর বাইরে একটি জেনারেল হাসপাতাল, ছোট-বড় প্রায় ১১টি কাঁচাবাজার, ৪৩টি ক্লিনিক, শতাধিক ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান, জেলখানা ও প্রায় ১৫০০ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস থেকে নিয়মিত যে বর্জ্য বের হচ্ছে, তা ফেলার জন্য পৌরসভায় স্থায়ী ডাস্টবিন রয়েছে মাত্র ১২০টি। ড্রামের তৈরি ডাস্টবিন রয়েছে ১০০টি। কিন্তু এগুলোর অধিকাংশই ভেঙে গেছে। ফলে ময়লা-আবর্জনা ডাস্টবিনের ভেতর থাকে না। কুকুর-বিড়াল তা ছড়িয়ে ছিটিয়ে ফেলে।পৌর এলাকার বাসিন্দা ও শহরের অভিজাত বিপণি বিতান মৌটুসির স্বত্বাধিকারী মাসুদুর রহমান জানান, ডাস্টবিনের অভাবে শহরবাসী ড্রেনে ময়লা ফেলে। এতে ড্রেনের পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। একটু বৃষ্টি নামলেই শহরে হাঁটুসমান পানি হয়ে দোকানঘরে পানি উঠে আসে।পৌরসভার হিসেব অনুযায়ী, শহরে এই খোলা ডাস্টবিন রয়েছে ৮৫টি। পৌর এলাকার দিলালপুর, শালগাড়ীয়া, রাধানগর, যুগিপাড়া, গোবিন্দা, ময়নামতি, বাংলাবাজার, অনন্ত বাজার, বসাকপাড়া, মহসিন সড়কসহ বেশ কিছু এলাকার মানুষ এই খোলা ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলছে। ফলে এসব এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ী ও অফিস আদালতের মানুষ ময়লা-আবর্জনার দুর্গন্ধে সারা দিন অতিষ্ঠ থাকেন। এসব এলাকায় রাস্তার পাশে যে বড় বড় ময়লার স্তূপ তৈরি হয়, তা দুই দিন পর পর পৌরসভার ট্রাক এসে নিয়ে যায়।শালগাড়ীয়া এলাকার মো. পিনু শেখ জানান, কোনো স্থায়ী ডাস্টবিন না থাকায় তাঁদের পুরো এলাকাটাই একটা বড় ডাস্টবিনের মতো মনে হয়। প্রত্যেকেই নিজেদের বাড়ির সামনের রাস্তায় অথবা ড্রেনে ময়লা-আবর্জনা ফেলে। যখন বড় বড় স্তূপ হয়ে পোকামাকড় ছড়াতে থাকে, তখন পৌরসভার গাড়ি এসে সেগুলো নিয়ে যায়।পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. আবদুর রহিম জানান, আবর্জনা নিয়ে পৌরসভা নিজেও খুব সমস্যার মধ্যে রয়েছে। শহরে প্রতিদিন যে পরিমাণ আবর্জনা তৈরি হয়, তা পরিষ্কার করার মতো লোকবল ও পরিবহনব্যবস্থা পৌরসভার নেই। আবার প্রতিদিন এত ময়লা আবর্জনা ফেলার মতো ভাগাড়ও নেই। শহরের বাইরে ফকিরপুর ও কাশিপুর এলাকায় মাত্র দুটি ছোট্ট ভাগাড়ে এসব ময়লা ফেলা হয়। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের জন্য মাত্র তিনটি ট্রাক ও ২০টি রিকশাভ্যান রয়েছে, যা দিয়ে প্রতিদিন শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয় না।পৌরসভার মেয়র কামরুল হাসান জানান, কোনো এলাকাতেই সড়কের পাশে ডাস্টবিন করার মতো পৌরসভার নিজস্ব জায়গা নেই। ফলে ডাস্টবিন তৈরিতে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও জায়গার অভাবে তা করা সম্ভব হচ্ছে না। কোনো এলাকায় ডাস্টবিন তৈরি করতে গেলে যার বাড়ির সামনে পড়ে, তিনিই গন্ধের ভয়ে তা করতে দিচ্ছেন না। এতে ময়লা-আবর্জনায় ড্রেন আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় পৌরসভাকে অতিরিক্ত অর্থ ব্যয় করে ড্রেন পরিষ্কার করতে হচ্ছে।