পাবনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে পাবনার সাঁথিয়া উপজেলায় যুবদলের এক নেতাকে গতকাল মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম আবদুল হান্নান (৩০)। তিনি করমজা ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও সাঁথিয়া উপজেলা যুবদলের নির্বাহী সদস্য।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আবদুল হান্নান রাজনীতির পাশাপাশি করমজা হাটে ইজারার টাকা তুলতেন। গতকাল কাজ শেষে রাত ১০টার দিকে তিনি হাট থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাঁর গতি রোধ করে এবং এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। তাঁর বাড়ি করমজা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। হান্নানের স্ত্রী মরিয়ম বেগম দাবি করেন, ঘটনার পরই তিনি দৌড়ে তাঁর স্বামীর কাছে যান। আহত অবস্থায় হান্নান ঘাতক হিসেবে আবদুল বরকতসহ বেশ কয়েকজনের নাম বলে গেছেন। আবদুল বরকত সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।স্থানীয় ব্যক্তিরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির বিবাদমান দুই অংশের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। এদের মধ্যে এর আগেও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রইস উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দলীয় বিরোধ নিয়ে রাজনীতি করছি। দলের একটি অংশ স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতার সমর্থন নিয়ে আমাদের নানাভাবে হয়রানি করছে। তারা আমাদের বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা মামলা দিয়েছে। এবার তাদের সহযোগিতায় যুবদল নেতা হান্নানকে হত্যা করা হলো।’ সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ ও এলাকার ব্যাপার।’সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক হত্যার ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’