পাবনায় যুবলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা যুবলীগের সহসভাপতি মাহফুজুর রহমানকে (৪২) হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাতে পাবনা সদর উপজেলার কৃষ্ণপুর মহল্লায় এ ঘটনা ঘটে। মাহফুজুরের বাড়ি পাবনা জেলা শহরের চক পৈলানপুর মহল্লায়। মাহফুজুরের ভাই আবদুর রাজ্জাক দাবি করেন, ঠিকাদারি কাজ নিয়ে স্থানীয় একটি মহলের সঙ্গে তার বিরোধ চলছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মাহফুজুরের পরিবার ও পুলিশ জানায়, মাহফুজুর অনেক দিন ধরে ঠিকাদারি ও কেবল ব্যবসা করছিলেন। ব্যবসার সুবিধার্থে তাঁকে কৃষ্ণপুর মহল্লায় শ্বশুরবাড়িতে থাকতে হতো। গতকাল রাতে তিনি সেখানেই ছিলেন। রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। মহল্লার হাউসপাড়া মোড়ে পৌঁছালে আট থেকে ১০ জনের একদল সন্ত্রাসী তাঁকে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় আনার পথে রাত তিনটার দিকে তিনি মারা যান। জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান প্রথম আলো ডটকমকে বলেন, মাহফুজুর রহমান জেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি ও কেবল ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, ব্যবসাসংক্রান্ত বিরোধ নিয়ে কোনো প্রতিপক্ষ তাঁকে হত্যা করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় মাহফুজুরের পরিবার থেকে কোনো অভিযোগ আসেনি। সুরতহাল প্রতিবেদনে লাশের দুই পায়ে ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে মাহফুজুর মারা গেছেন। আজ রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।