পাবনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী নিহত
পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচড়া গ্রামে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক আহমেদ ওরফে পবন (৪২) নামের এক চরমপন্থী নিহত হয়েছেন। র্যাব ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি রিভলবার ও একটি শাটারগান উদ্ধার করেছে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার এ এইচ এম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।লে. কমান্ডার এ এইচ এম মাহমুদ জানান, বড়ইচড়া গ্রামের একটি মাঠের মধ্যে চরমপন্থী সন্ত্রাসীরা বৈঠক করছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই পবন নিহত হন।এ এইচ এম মাহমুদ আরও জানান, নিহত পবনের বিরুদ্ধে পাবনা সদর ও ঈশ্বরদী থানায় দুটি হত্যা মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে। পবন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) কেন্দ্রীয় নেতা ছিলেন।প্রসঙ্গত, র্যাব ২০০৬ সালে পবনের কাছ থেকে আটটি এসএমজি উদ্ধার করেছিল।