পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আতাইখোলা থানার লক্ষ্মীপুর ফলিয়া গ্রামে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী নিহত হয়েছে। নিহতের নাম আবদুল মালেক (৩৫)। তিনি আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। আবদুল মালেক স্থানীয় চরমপন্থী সংগঠন ‘বাহিনী’র একজন শীর্ষস্থানীয় নেতা।র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আতাইখোলার একদণ্ড ধানুয়াঘাটা মহাসড়ক দিয়ে র্যাবের একটি টহল দল যাচ্ছিল। মহাসড়কের ঠিক পাশেই বৈঠকরত ‘বাহিনী’র চরমপন্থীরা র্যাবের টহল গাড়ি দেখে তার ওপর গুলিবর্ষণ করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে প্রায় কয়েকটি গুলিবিনিময় হয়। গোলাগুলির একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে র‌্যাব ঘটনাস্থল থেকে আবদুল মালেকের লাশ উদ্ধার করে। এর পাশাপাশি র‌্যাব একটি ২২ বোর রাইফেল, একটি শার্টারগান ও ছয়টি গুলি উদ্ধার করে।আতাইখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মালেক দীর্ঘদিন ধরেই আতাইখোলা এলাকায় নানা রকম অপরাধমূলক তত্পরতা চালিয়ে আসছিলেন। তিনি একজন চিহ্নিত চরমপন্থী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে।