পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সদর উপজেলার আতাইকুলায় গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাবের গুলিতে জিয়ারুল ইসলাম ওরফে বোমারু জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। র‌্যাবের দাবি, ‘বন্দুকযুদ্ধে’র সময় এ ঘটনা ঘটে। তারা ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। র‌্যাবের দাবি, জিয়ারুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থী নেতা। তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার। তাঁর বাড়ি আতাইকুলা থানার গয়েশবাড়ী গ্রামে। ঘটনা সম্পর্কে র‌্যাব-১২-এর ভাষ্য, গতকাল রাত তিনটার দিকে র‌্যাবের একটি দল গয়েশবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল লোক দেখতে পায়। র‌্যাব তাদের চ্যালেঞ্জ করলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে জিয়ারুলের লাশ উদ্ধার করা হয়।র‌্যাব-১২ আরও দাবি করে, তারা ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, একটি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিয়ারুলের বিরুদ্ধে দুটি হত্যাসহ পাঁচটি মামলা আছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।