পাবনায় শ্রেণীকক্ষে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে সহকারী শিক্ষিকা আরিফা বেগমকে (২৮) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। ওই দুর্বৃত্ত আরিফাকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিক্ষিকার স্বামীর বাড়ি সাঁথিয়া উপজেলার চকবনখোলা গ্রামে আর তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদর থানার ছোনগাছা গ্রামে।স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, গত বছরের ২ ডিসেম্বর আরিফার বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান সিরাজগঞ্জে না হয়ে স্কুলের পাশেই একটি বাড়িতে অনুষ্ঠিত হয়। তিনি অনেক দিন গ্রামের বাড়িতে যাননি। আজ স্কুলে আসার পর থেকেই আরিফার মন খারাপ ছিল বলে প্রধান শিক্ষক জানান।এলাকাবাসী জানান, আজ সকাল থেকে একজন যুবক স্কুলের কাছে ঘোরাঘুরি করছিলেন। এলাকাবাসী জানতে চাইলে ওই যুবক এখানে বেড়াতে এসেছেন বলে জানান। দুপুর সোয়া ১২টার দিকে টিফিনের সময় শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে আরিফা ক্লাসরুমের টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় ওই যুবক শ্রেণীকক্ষে ঢুকে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এ অবস্থায় আরিফা বারান্দায় বের হয়ে অচেতন হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, ধারণা করা হচ্ছে, ওই ছেলের সঙ্গে এই শিক্ষিকার কোনো সম্পর্ক ছিল। তার বিয়ে হয়ে যাওয়ায় কোনো ক্ষোভ থেকে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আরিফার স্বামী আলমগীর হোসেন বলেন, বিয়ের পর থেকে আরিফা শুধু তাঁর মৃত্যুর কথা বলতেন। আর কোনো বিষয়েই তিনি কিছু জানেন না।