পাবনায় সন্ত্রাসী হামালায় ৩ পুলিশ নিহত
পাবনার বেড়া উপজেলায় সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ সদস্য ও পুলিশের একজন সোর্স নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মাসুন্দিয়া ইউনিয়নের দূর্গম চর এলাকার দাসপাড়ায় এ ঘটনা ঘটে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, তিন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।জানা গেছে, এ ঘটনায় নিহতেরা ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ, সিপাহী রশীদ ও পুলিশের সোর্স আব্দুল গণি।এলাকাবাসীদের সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার আগে ঢালারচর ইউনিয়নে অবস্থিত ঢালারচর পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্য মাসুন্দিয়া ইউনিয়নের রাজধরদিয়া বাজারে বাজার করতে যান। বাজার শেষে সন্ধ্যার দিকে পুলিশ ফাঁড়িতে ফেরার পথে দাসপাড়া নামক স্থানে তাঁরা বেশ কয়েকজন অস্ত্রধারীকে ঘোরাফেরা করতে দেখেন। এ সময় তাঁরা অস্ত্রধারীদের চ্যালেঞ্জ জানালে এক পর্যায়ে তারা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে পুলিশের রাজশাহী অঞ্চলের ডিআইজি মোখলেসুর রহমান জানান, ঢালারচর পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর হামলার কারণে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। তবে ঘটনাস্থলে না গিয়ে কয়জন বা কারা নিহত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে তিনি জানান। তিনি আরও জানান, ঘটনার পর থেকে ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ, সিপাহী রশীদ ও পুলিশের সোর্স আব্দুল গণি নিখোঁজ রয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছি। ঘটনাস্থলে না পৌঁছে কারা বা কয়জন নিহত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না।’ মাসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুর রহমান বলেন, ‘রাজধরদিয়া বাজারের কাছে সন্ধ্যার দিকে কয়েকজন পুলিশ সদস্যের নিহত হওয়ার ঘটনা শুনেছি। তবে কারা নিহত হয়েছেন এ কথা বলতে পারছি না।’