পাবনায় সর্বহারা-সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান
পাবনার বেড়া উপজেলার দুর্গম চরে পুলিশের তিন সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় সর্বহারা-সন্ত্রাসীদের ধরতে সেখানে চিরুনি অভিযান শুরু হয়েছে। তবে গতকাল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, হামলাকারীদের পুলিশ শনাক্ত করেছে। এদের নাম-ঠিকানাও পাওয়া গেছে। সর্বহারার আড়ালে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে তাঁরা মনে করছেন।এদিকে নিহত তিন পুলিশের জানাজা পাবনা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এর পরপরই মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পাবনার বেড়া উপজেলার রাজধরদিয়াচরে গুলি করে তিন পুলিশকে হত্যা করে সর্বহারা-সন্ত্রাসীরা। নিহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিলউদ্দিন (৪৪), নায়েক আবদুল ওয়াহেদ (২৬) ও কনস্টেবল শফিক আহমেদ (৩০)। এ সময় পুলিশের তথ্যদাতা (সোর্স) গণি মিয়াও নিহত হন বলে তাৎক্ষণিকভাবে জানা যায়। তবে রাজশাহী পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান জানান, গণি মিয়া নিহত হননি। সন্ত্রাসীদের কবল থেকে বাঁচতে তিনি মরার ভান করে ঘটনাস্থলে পড়ে ছিলেন। তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। গণি মিয়া এখন পুলিশ হেফাজতে বলে জানান তিনি।যেভাবে ঘটনা ঘটেছে: পুলিশের ওপর সর্বহারা দলের হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন ঢালারচর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবদুর রশীদ। মঙ্গলবার রাত আটটার দিকে সন্ত্রাসীরা তাঁকেসহ চার পুলিশ সদস্য ও একজন সোর্সকে ঘিরে ফেলার সময় তিনি ভাগ্যের জোরে বেঁচে যান। গতকাল সকালে তিনি সেই ভয়াবহ ঘটনার বিবরণ দেন প্রথম আলোর কাছে। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে অংশ নেওয়া চরমপন্থীদের সংখ্যা ছিল ২০ থেকে ২২ জন। তাদের প্রায় সবার হাতে ছিল অস্ত্র, সবার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এরা দুই দলে ভাগ হয়ে যেভাবে পুলিশের ওপর হামলা চালায়, তাতে পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত বলেই মনে হয়েছে।’আবদুর রশীদ জানান, মঙ্গলবার বিকেলে ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কফিলউদ্দিন, নায়েক ওয়াহেদ, কনস্টেবল শফিক, সোর্স আবদুল গণি ও তিনি—এই পাঁচজন সাদা পোশাকে নিরস্ত্র অবস্থায় ফাঁড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাজধরদিয়া বাজারে খড়ি কিনতে যান। সেখানে খড়ি কিনে মোষের গাড়িতে বোঝাই করতে গিয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। রাত আটটার দিকে খড়িবোঝাই মোষের গাড়িটি নিয়ে তাঁরা ফাঁড়ির উদ্দেশে রওনা হন। কিছুদূর যাওয়ার পর রাজধরদিয়া ঘাটে সর্বহারারা তাঁদের ঘিরে ফেলে। তখন চরমপন্থীদের উপস্থিতি টের পেয়ে ফাঁড়ির ইনচার্জ কফিলউদ্দিন সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দেন। রশিদ জানান, তিনি ছিলেন একটু পেছনে। সতর্ক হওয়ার নির্দেশ পেয়ে তিনি প্রস্রাব করার ভান করে অন্ধকারে সেখানেই বসে পড়েন। তিনি দেখতে পান, বাকি চারজনকে হাত উঁচু করার নির্দেশ দিচ্ছে সন্ত্রাসীরা। পুলিশ সদস্যরা হাত উঁচু করার সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে তারা। এতে গুলিবিদ্ধ হয়ে সবাই মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় তিনি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালাতে থাকেন। রশীদ বলেন, ‘আসলে আমার বেঁচে থাকার পেছনে স্যারের (নিহত এসআই কফিলউদ্দিন) অবদানই প্রধান। স্যার আমাকে বাঁচিয়ে নিজে মারা গেলেন।’পাবনার পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরের ঘটনার বর্ণনা দেন তিন পুলিশের সঙ্গে থাকা সোর্স গণি। প্রথম অবস্থায় তাঁকে মৃত বলে মনে করা হয়েছিল। গণি জানান, ‘আমাগরে চারজনকে ধইর্যা বাজারের কাছের রাস্তায় নিয়্যা আসে সন্ত্রাসীরা। সেহানে রাস্তার ওপর দাঁড় করে প্রথমে নায়েক ওয়াহেদ স্যারকে গুলি করে তারা। তারপর স্যারকে পরপর দুইড্যা গুলি করার পর আল্লাহর নাম নিয়্যা ঝোপঝাড় ভাইঙ্যা দৌড় দেই আমি। সে সময় কুনু জ্ঞান ছিল না আমার। এরপর কিরম কইর্যা যে পুলিশ ফাঁড়িত আইছি তা কব্যার পারবো না।’যে মোষের গাড়িতে করে খড়ি নেওয়া হচ্ছিল তার গাড়োয়ান মঞ্জু মিয়া বলেন, ‘প্রথমে ফাঁকা গুলি করার পর পুলিশ স্যারদের ঘির্যা ফেলে তারা।’ কয়েকজন এলাকাবাসী প্রথম আলোকে জানান, মুহুর্মূহু গুলির শব্দ পেয়ে ভয়ে তাঁরা বাড়ি থেকে বের হননি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর বাজারের পাশে এসে দেখেন, তিনজনের লাশ। এলাকার লোকজন পুলিশকে জানান, এসব সন্ত্রাসীকে এলাকার লোকজনও চেনে। এরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। পাবনায় মন্ত্রী ও আইজিপি: তিন পুলিশের ওপর হামলার স্থানটি গতকাল (বুধবার, ২১ জুলাই) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইজিপি নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ও ডিআইজি মোখলেছুর রহমান ঘুরে দেখেন। পুলিশ সুপার হত্যাকাণ্ডের বিবরণ দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ মেধা ও শক্তি প্রয়োগ করবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল চরমপন্থী বা জঙ্গিদের ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য কঠোর হাতে দমন করা হবে।গতকাল এলাকায় গিয়ে জানা যায়, ঘটনাস্থলসহ আশপাশের গ্রামগুলোর যুবকেরা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। যাঁরা রয়ে গেছেন, তাঁদের চোখেমুখে আতঙ্ক।বৈঠক: তিন পুলিশ নিহত হওয়ার পর আইজিপি ও র্যাবের মহাপরিচালক জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকে চিরুনি অভিযানের নানা দিক নিয়ে আলোচনা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাত থেকেই পাবনার পুলিশ সুপার জামিল আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলের আশপাশের গ্রামগুলোতে ব্যাপক অভিযান চালালেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, রাতের অভিযানে কেউ আটক হয়নি। তবে ঘটনাস্থলে ১০-১২টি গুলির খোসা পাওয়া গেছে।