পাবনায় সহস্রাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা
পাবনার ফরিদপুর উপজেলার বৃকালিয়ানি গ্রামে গণপিটুনিতে চার যুবক নিহত হওয়ার ঘটনায় এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ডেমরা ইউনিয়নের গ্রামপুলিশ শাহীন আক্তার মামলাটি করেন।তিন যুবকের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি; তাঁর লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, ঘটনার পর থেকে গ্রামগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে বলে তিনি জানান। গতকাল সকালে বৃকালিয়ানি গ্রামে গণপিটুনিতে চার যুবক নিহত হন। চাঁদা তুলতে গিয়ে তাঁরা জনরোষের শিকার হন বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসী ও পুলিশের ভাষ্য, ওই যুবকেরা চরমপন্থী দলের সদস্য ছিলেন। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।