পাবনায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার নবাগত পুলিশ সুপারের সঙ্গে গত ১১ মার্চ সন্ধ্যায় জেলা শহরে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকেরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের রহস্যজনক ভূমিকার বেশ কিছু চিত্র তুলে ধরেন। পরে পুলিশ সুপার তা খতিয়ে দেখার আশ্বাস দেন।সন্ধ্যা সাড়ে সাতটায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক আবদুল হামিদ খান বলেন, জেলার যত্রতত্র মাদকের আখড়া গড়ে উঠেছে। পাড়ায় পাড়ায় চলছে ছিনতাই, মারামারি। সম্প্রতি বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে। সদর থানা পুলিশ এসব রোধে সবখানেই ব্যর্থতার পরিচয় দিয়েছে।সাংবাদিক আখিনুর ইসলাম বলেন, সম্প্রতি পাবনা শহরে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। পুলিশের ফুটপাতের দখলদার ব্যবসায়ী ও দিনের বেলা অবৈধ অনুপ্রবেশকারী ভারী যানবাহনের ড্রাইভারদের কাছ থেকে টাকা নিয়ে তাদের কিছু বলছে না।সাংবাদিক তপু আহম্মেদ বলেন, অনেক সময় সংবাদের তথ্য জানার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন করা হলে তাঁরা সহযোগিতা করতে চান না। তাঁরা তথ্য দিতে গড়িমসি করেন।পাবনা প্রেসক্লাবের সম্পাদক উৎপল মির্জা বলেন, সম্প্রতি পাবনায় মাদক পরিস্থিতির অবনতি হয়েছে। এসব রোধে পুলিশের তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না।পাবনা প্রেসক্লাবের সভাপতি রুমী খন্দকার বলেন, ‘পুলিশ সারা মাস ধরে অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করে, কিন্তু প্রতিদিন ঘর থেকে বের হয়েই আমি বাড়ির সামনে ছয়টি ফেনসিডিলের খালি বোতল দেখতে পাই। তাহলে বোঝা যায় পুলিশ কী করছে!’সাংবাদিক মাহফুজ আলম বলেন, ‘আমার চোখের সমানে শহরের ঘোড়া স্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে দুই দিন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশকে জানানোর পরও তারা তা রোধে কোনো পদক্ষেপ নেয়নি।’মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মুরশাদ সুবহানী, আহম্মেদুল হক, জহুরুল ইসলাম, ছিফাত রহমান, শহিদুর রহমান, এস এম আবদুল্লাহ, আবদুস সালাম ও হাসান আলী।সাংবাদিকদের এসব অভিযোগ বিষয়ে পুলিশ সুপার মো. জামিল আহম্মেদ বলেন, ‘ইতিপূর্বে যা ঘটেছে তা দেখতে চাই না। পেশাদারি ও নিরপেক্ষতা বজায় রেখে সন্ত্রাস দমন ও মাদকব্যবসা বন্ধে সব ধরনের পদক্ষেপ নিতে চাই। পাবনার মানুষ যাতে নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারে তার জন্য যা যা করা দরকার তা-ই করা হবে। সেই সঙ্গে পুলিশের মধ্যে যেসব গলদ রয়েছে তাও খতিয়ে দেখা হবে।’