পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব
সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি দীর্ঘদিনের দখল থেকে মুক্ত করে ‘সুচিত্রা সংগ্রহশালা’ করার দাবিতে আবারও সক্রিয় পাবনাবাসী। আর এই দাবির প্রকাশ ঘটাতে আজ থেকে পাবনায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘তৃতীয় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’। উৎসবে আজ প্রদর্শিত হবে সুচিত্রা সেন অভিনীত সাড়ে ৭৪ চলচ্চিত্র। এরপর পর্যায়ক্রমে দেখানো হবে আঁধি, গৃহদাহ, হসপিটাল ও একটি রাত চলচ্চিত্র। এবার উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র গেরিলা প্রদর্শন করা হবে। থাকছে সোফিয়া লরেন অভিনীত সানফ্লাওয়ার ছবিটিও। আজ বিকেল চারটায় শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করা হবে। এখানেই দেখানো হবে উৎসবের ছবিগুলো। রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্যরা এ কথা জানান। সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনা শহরের গোপালপুর হেমসাগর লেনে। এখানেই তিনি বাবা-মা, এক ভাই ও তিন বোনের সঙ্গে শৈশব ও কৈশোর কাটিয়েছেন। ১৯৪৬ সালে তিনি যখন পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান, তখন তিনি ছিলেন নবম শ্রেণীর ছাত্রী। এরপর বাড়িটিতে সরকারি কর্মকর্তারা থাকতেন। ১৯৮৭ সালে বাড়িটি অর্পিত সম্পত্তিতে পরিণত করে স্থানীয় প্রশাসন ইমাম গাজ্জালী ইনস্টিটিউটের নামে ইজারা দেয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক বলেন, ২০০৯ সালে পাবনা জেলা প্রশাসন বাড়িটির ইজারা বাতিল করে ইমাম গাজ্জালী ট্রাস্টকে দখল ছাড়ার নির্দেশ দেয়। পরে উচ্চ আদালতও বাড়িটি ছাড়ার পক্ষে রায় দেন। কিন্তু আইনি জটিলতার কারণে এখনো তা বাস্তবায়িত হয়নি।