পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পাবনা-বগুড়া মহাসড়কে সাঁথিয়া উপজেলার শহীদনগরে সিএনজিচালিত একটি লেগুনা থেমে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন কাশীনাথপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও বেড়া উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা মাওলানা আসাদুল্লাহিল গালিব (৩৮) এবং লেগুনা গাড়ির চালক বেড়া উপজেলার নেওলাইপাড়া গ্রামের মনিরুল ইসলাম (২৪) ।পুলিশ ও আহত যাত্রীরা জানায়, গতকাল রাতে আসাদুল্লাহিল গালিব কয়েকজন সঙ্গীকে নিয়ে লেগুনা গাড়িতে চড়ে সিরাজগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে যান। মাহফিল শেষে সেখান থেকে উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের উদ্দেশে রওনা হন। কিন্তু রাত পৌনে তিনটার দিকে শহীদনগরে ঘন কুয়াশার মধ্যে লেগুনা গাড়িটি বিকল হয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে।