পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
পাবনার সাঁথিয়া উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ হাফিজুল ইসলাম ওরফে রেজা (৩৫) নামের একজন নিহত হয়েছেন। উপজেলার নূরদহ গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে দুটি এলজি ও ১০টি গুলি উদ্ধার করে। র্যাবের দাবি, নিহত হাফিজুল নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। র্যাব জানায়, হাফিজুল খুনের মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গতকাল রাত ১২টার দিকে তাঁকে ধরতে নূরদহ গ্রামে যায়। বিলের পাশে অবস্থানকারী হাফিজুলকে র্যাব ঘিরে ফেলে আত্মসমর্পণ করতে বলে। এ সময় হাফিজুল র্যাবকে লক্ষ্য করে গুলি চালান। র্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ হাফিজুলকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, হাফিজুলের বিরুদ্ধে এ থানায় চারটি হত্যা ও দুটি অস্ত্র মামলা আছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে খুনের মামলায় পলাতক ছিলেন।