পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের কাঁকিলাখালী বিলে গত বুধবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল হামিদ ওরফে ঠাসা হামিদ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, হামিদ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক প্রধান ছিলেন। আতাইকুলা থানা পুলিশের ভাষ্যমতে, চরমপন্থী সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে সমবেত হচ্ছে, এমন সংবাদে পুলিশের একটি টহল দল বুধবার রাতে কাঁকিলাখালী গ্রামের দিকে যায়। রাতে সাড়ে ১২টার দিকে গ্রামের বিলেরপাড়ে পৌঁছামাত্রই সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ পাল্টা গুলি চালায়। ১০ থেকে ১৫ মিনিট গুলিবিনিময়ের পর পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হামিদের লাশ পাওয়া যায় এবং একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়।পরে আবদুল হামিদের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম জানান, হামিদ চরমপন্থী নেতা ছাড়াও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। তাঁর বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যা, ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।নিহত হামিদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, রাতে বিল এলাকা থেকে কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। কিন্তু কারা, কেন এই গুলি করেছে, তা তাঁরা জানেন না।রাজবাড়ীতে গ্রেপ্তার একগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, র্যাবের সদস্যরা গতকাল দুপুরে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাট থেকে কাদের মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কাদের পাংশার অসীম চৌধুরী ও জুড়ান চৌধুরী হত্যা মামলার আসামি।