পাবলিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভয় কমছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রস্তুতি শেষ করা হয়েছে। এ পরীক্ষার ফলে পাবলিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভীতি কমে যাচ্ছে এবং পাসের পর সনদ পেয়ে শিক্ষার্থীরা আরও উত্সাহিত হচ্ছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এ দুই পরীক্ষায় অষ্টম শ্রেণী শেষ করা ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই পরীক্ষার মধ্যে আটটি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ১৫ লাখ ৩৭ হাজার ৪২২ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ২৩ হাজার ৬৯১ জন।এবার ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৫৮৫ জন বেশি। দুই পরীক্ষায় মোট ছাত্রের সংখ্যা আট লাখ ৬১ হাজার ৭৬৪ জন এবং ছাত্রী নয় লাখ ৯৯ হাজার ৩৪৯ জন।এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে তিন লাখ ৬৮ হাজার ৩১১ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৯২ হাজার ৮০২ জন।সারা দেশে দুই হাজার নয়টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। ২৭ হাজার ৬১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত শিক্ষাসচিব এস এস গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রমুখ।