পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে এই রুল জারি করেন।পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল ডাকা কেন আইন-বহির্ভূত হবে না, এমন দাবিতে গত ২৬ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ।আজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আদালত পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আরোপ থেকে বিরত থাকতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন। বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, সংসদ সচিবালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া শীর্ষ ১৫ জন আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ নেওয়া হয়েছে।