পাবলিক বাসের মান বাড়ানো উচিত
গত আট বছর ধানমন্ডি থেকে উত্তরা যাতায়াত করছি। আগে ধানমন্ডি থেকে ফার্মগেটে গিয়ে প্রিমিয়াম বাসে উঠতাম। বাসের এই সার্ভিসটা বন্ধ হওয়ায় যন্ত্রণা বেড়েছে।এখন উত্তরা-আজিমপুর রুটে সূচনা পরিবহনের বাস চলছে। এদের এসি বাস পর্যাপ্ত নয়। ননএসি বাসে উঠলে অবস্থা এমন হয় যে সকালে যে কাপড় পরে বের হই, অফিসে পৌঁছাতে পৌঁছাতে তা আর পরার মতো থাকে না। সিএনজি বা ট্যাক্সি ক্যাবে উঠলে কমপক্ষে ২০০ টাকা গুনতে হয়। এগুলোর অবস্থাও খুব খারাপ। আর রাতের বেলায় তো খুবই অনিরাপদ।সকালে মোটামুটি আধাঘণ্টা থেকে ৪৫ মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। ফিরতে দুই থেকে তিন ঘণ্টা লাগে। ফেরার পথে সবচেয়ে ভোগান্তি হয় কাকলী ও বিজয় সরণি ক্রসিংয়ে। কাকলীতে গাড়ির লাইন র্যাডিসন হোটেল পর্যন্ত চলে যায়। ইদানীং বিজয় সরণির যানজট দুর্বিষহ হয়ে উঠেছে তেজগাঁও লিংক রোড চালু হওয়ার পর। ফ্লাইওভারের ওপর-নিচে গাড়ির লম্বা সারি। এককথায় পুরো এলাকাটি স্থবির।এ পথে মহিলা ও শিশুদের দুর্ভোগ অনেক বেশি। সরকারের উচিত জরুরি ভিত্তিতে পাবলিক বাসের মান উন্নয়ন করা। যাঁদের নিজের বাহন নেই, তাঁরা সবাই জানেন ঢাকায় পরিবহন কী ভয়ানক সমস্যা।যাঁদের নিজেদের যান আছে, তারাও বোঝেন ঢাকার জীবন কী ভয়ংকর। পথে নামলেই আটকে থাকছেন ঘন্টার পর ঘন্টা। অনেকে সময়মতো কোথাও পৌছাতেই পারছেন না। যত দিন যাচ্ছে, পরিস্থিতি ভয়ংকর হচ্ছে। জানি না এর শেষ কোথায়?