পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের বৈষম্য প্রকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত বেড়ে গেছে। এমনকি একই ধরনের বিশ্ববিদ্যালয় হলেও শিক্ষকসংখ্যায় ভিন্নতা রয়েছে। এ কারণে শিক্ষাকার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই চিত্র বেরিয়ে এসেছে।ইউজিসি বলছে, দেশের ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর গড় অনুপাত ১ : ১৪৯। ২০০৯ সালে শতকরা ১৯ ভাগ শিক্ষার্থী বাড়লেও সেই হিসাবে শিক্ষক বাড়েনি। ফলে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত বেড়ে গেছে। তাই শিক্ষক ও শিক্ষার্থীর আনুপাতিক হারে সমতা বিধান করা না হলে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যোগাযোগ করা হলে ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দরকার শিক্ষক-শিক্ষার্থীর আদর্শ অনুপাত। তাঁর মতে, এই আদর্শ অনুপাতটি হচ্ছে প্রায়োগিক শিক্ষার ক্ষেত্রে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীর জন্য একজন এবং সাধারণ শিক্ষার ক্ষেত্রে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক।প্রতিবেদনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি ৫০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র একজন। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিক্ষার্থী ৭৫৫ এবং শিক্ষক ৩৪৪ জন। অর্থাৎ প্রতি দুজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষক বাদে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন নয় হাজার ২৪১ জন। এর মধ্যে কর্তব্যরত ছিলেন সাত হাজার ৪০৫ জন। বাকিরা ছিলেন প্রেষণে বা ছুটিতে আর শিক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৮২ হাজার ২১৬ জন। তখন শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ছিল ১ : ১৪৯। জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদে ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিলেন এক লাখ ৬৬৫ হাজার ৯৩৭ জন। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ছিল ১ : ২২-এর কিছু বেশি। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের এই বৈষম্য প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ২২ জন শিক্ষার্থীকে যদি একজন শিক্ষক পড়ান, তাহলে তিনি ভালো শিক্ষা দিতে পারবেন না। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত নির্ধারণ করা প্রয়োজন। বেশি শিক্ষক প্রয়োজন হলে নিয়োগ দিতে হবে। তাহলে শিক্ষকেরা ব্যবহারিক ক্লাসগুলো ভালোভাবে নিতে পারবেন এবং শিক্ষার্থীরাও মানসম্মত শিক্ষা পাবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত সর্বোচ্চ ১ : ১০ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।শিক্ষকসংকট কম যেসব প্রতিষ্ঠানে: ইউজিসির প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১ : ৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ : ৭ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ : ৯। ইউজিসির প্রতিবেদনে শিক্ষার্থী কম থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, বিএসএমএমইউতে বর্তমানে শিক্ষার্থী দুই হাজার ৬৫৮ জন। এর বিপরীতে শিক্ষক আছেন ৪২৫ জন। অর্থাৎ এখন সেখানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত হচ্ছে ১ : ৬।বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, এখানকার শিক্ষকেরা শুধু শিক্ষার্থীদের শিক্ষাই দেন না, তাঁদের অধীনে নয়জন করে শিক্ষানবিশ চিকিৎসকও থাকেন। এফসিপিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণও দিতে হয়। এ ছাড়া একজন অধ্যাপকের অধীনে কমপক্ষে ১৫ জন রোগী ভর্তি থাকে। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ভিন্ন। অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একে মেলানো ঠিক হবে না। এ ছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ জন শিক্ষার্থীর জন্য একজন; রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থীর বিপরীতে একজন; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ জনের জন্য একজন; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৪ জনের জন্য, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ জনের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জনের জন্য এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক আছেন।শিক্ষকসংকট প্রকট যেখানে: কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার অনেক বেশি। যেমন—কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১ : ৪৭, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ : ৩৫, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ : ২৯ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ : ২৫।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজারে। শিক্ষক আছেন মাত্র ৩৮৮ জন। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতও তাই বেড়ে দাঁড়িয়েছে ১ : ৬১। শিক্ষকসংকটের কারণে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও কলেজের শিক্ষকেরাই দায়িত্ব পালন করে গেছেন। এ কারণে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের সংখ্যা খুব কম। তবে শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া চলছে। জনবলকাঠামো অনুযায়ী নিয়োগ দেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১ : ৩০ এ নেমে আসবে। আগামী ১০ বছরের মধ্যে এ অনুপাতে ভারসাম্য আসবে।ইউজিসির দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১ : ১৪,৩৪৯ আর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১ : ১০০০। অবশ্য এই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সরাসরি শিক্ষার্থী পড়ান না। অধিভুক্ত বিশ্ববিদ্যালয় হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ৭৩ জন শিক্ষকের বেশির ভাগেরই কাজ নেই, এমন ধারণা প্রচলিত রয়েছে।ইউজিসি বলছে, ২০০৯ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের ২০ শতাংশই বিভিন্নভাবে ছুটিতে ছিলেন। বর্তমানেও একই সংখ্যক শিক্ষক ছুটিতে থাকতে পারেন বলে ধারণা করছে কমিশন।শিক্ষকবৈষম্যের কারণ: ইউজিসি এবং শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান পদে শূন্যতা ও প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকের পদ না থাকা, নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে জটিলতা, সর্বোপরি অতিরিক্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সব সময় প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। তাই শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতে বৈষম্য দেখা দেয়।ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বেশির ভাগ ক্ষেত্রে ছোট ও নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতে ভারসাম্যহীনতা দেখা দেয়। কারণ সেসব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপকের পদ থাকলেও ওই সব পদে নিয়োগ দিতে যোগ্য শিক্ষক পাওয়া যায় না। আবার দূরবর্তী স্থানে অবস্থিত এবং নতুন হওয়ায় অধ্যাপক, সহযোগী অধ্যাপকেরাও সেসব বিশ্ববিদ্যালয়ে যেতে চান না।