পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবসরের বয়সসীমা ৬৫ বছর
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবসর গ্রহণ আইন ২০১২-এর চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখন থেকে তাঁদের অবসরের বয়সসীমা হলো ৬৫ বছর।আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মোশারফ হোসেন ভূঁইয়া। বৈঠকে হজ প্যাকেজ ২০১২-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। খসড়ায় বলা হয়, এবার একজন হজযাত্রীর মোট খরচ হবে তিন লাখ তিন হাজার ৪০০ টাকা, যা গত বছরের তুলনায় ২৬ হাজার টাকা বেশি। এই টাকার মধ্যে হজযাত্রীদের ট্যাক্স ও বিমানভাড়া অন্তর্ভুক্ত।গত বছরের তুলনায় খরচ বাড়ার কারণ হিসেবে বলা হয়, ডলার ও রিয়ালের দাম বেড়ে যাওয়ায় ওই খরচ এবার বাড়ানো হয়েছে।এ বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ অক্টোবর হজ হবে বলেও বৈঠকে জানানো হয়েছে। এবার হজে যাওয়ার সুযোগ পাবেন মোট এক লাখ ২০ হাজার জন যাত্রী। তাঁদের মধ্যে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারিভাবে এক লাখ ১০ হাজার যাত্রী যাবেন।বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১২-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা আইন সরকারি গেজেটে প্রকাশ করার বিষয়েও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ওই মামলার রায়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্টদের অভিনন্দন প্রস্তাবও গৃহীত হয় মন্ত্রিসভার বৈঠকে।