পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর ৬৫ বছরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ৬৫ বছর বয়সে অবসর নেবেন। ফেডারেশন অব বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (এফবিইউটিএ) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন। আজ রোববার প্রধানমন্ত্রী তাঁর নিজ কার্যালয়ে ওই প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন।প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক। এখন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর—এই চারটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষকেরা ৬৫ বছর বয়সে অবসর নেন। কিন্তু দেশের বাকি ৩০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবসর নেওয়ার বয়সসীমা ৬০ বছর। প্রধানমন্ত্রী আজ ঘোষণা দেন, দেশের সবকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরই ৬৫ বছর বয়সে অবসর নেবেন।প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, তাঁর সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। শেখ হাসিনা বলেন, গবেষণাকাজ ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। জাতির বৃহত্তর স্বার্থে গবেষণাকাজে জোর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁদের সরকার গবেষণাকাজে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সরকার আধুনিক ও শিক্ষিত দেশ গড়তে চায়।প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ইউএনবি।