গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে সরকারের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার খবরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৫ জন শিক্ষক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, সরকার প্রতিহিংসাবশত এমন কাজ করছে।ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) নামের একটি সংগঠনের পক্ষ থেকে আজ সোমবার এই বিবৃতি দেওয়া হয়েছে।ইউট্যাবের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার এবং মহাসচিব তাহমিনা আখতার মূল বিবৃতিতে স্বাক্ষর করেছেন। এ ছাড়াও আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খলিলুর রহমান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ফরিদ আহমেদ, সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য আশরাফুল ইসলামসহ ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রামসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৪০৫ জন শিক্ষকের স্বাক্ষর বিবৃতিতে সংযুক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার প্রতিহিংসা ও প্রতিজিঘাংসার বশবর্তী হয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের যে ষড়যন্ত্র করছে, তাতে সবাই গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের মনোনীত কমিটিই আগে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিত এবং এটিই যথাযথ ছিল। কিন্তু গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে ঋণগ্রহীতাদের মালিকানার ৯৭ শতাংশের মতামতকে উপেক্ষা করে মাত্র ৩ শতাংশ মালিকানা নিয়ে সরকার এখন জোর করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এর ফলে গ্রামীণ ব্যাংকের স্বকীয়তা, ঐতিহ্য এবং ভবিষ্যত্ নিয়ে সবাই শঙ্কিত।বিবৃতিদাতাদের অভিযোগ, সুবিধাবঞ্চিত, অবহেলিত ও হতদরিদ্র নারী জনগোষ্ঠীর অর্থে প্রতিষ্ঠিত ও পরিচালিত এ ব্যাংকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা এবং দরিদ্র নারীদের ক্ষমতায়নকে রহিত করার জন্যই এই অধ্যাদেশ। তাই তাঁরা গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-২০১২ বাতিলের দাবি জানিয়েছেন।