পাভেলকে হত্যার পর জিডিও করান ঘাতক জাহাঙ্গীর
বন্ধুকে হত্যা করেই বসে থাকেননি জাহাঙ্গীর। বন্ধুর বাড়িতে গিয়ে শুভাকাঙ্ক্ষী সেজে সহানুভূতি দেখিয়েছেন। বন্ধু নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের দিয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করিয়েছেন তিনি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র আরিফুল ইসলাম পাভেলের হত্যার মূল ষড়যন্ত্রকারী তাঁরই বাল্যবন্ধু জাহাঙ্গীর (২৩) সম্পর্কে এমন তথ্য দেন পাভেলের পরিবারের সদস্যরা।কিন্তু জাহাঙ্গীরের এই ছলচাতুরী ধোপে টেকেনি। ধরা পড়ার পর বন্ধুকে হত্যার দায় স্বীকার করাসহ ষড়যন্ত্রের সব কথা বলেছেন জাহাঙ্গীর।পুলিশ ও পাভেলের স্বজনদের ভাষ্যমতে, নিখোঁজ হওয়ার পর পাভেলের বাসায় গিয়ে পরিবারের সবাইকে সান্ত্বনা দেন জাহাঙ্গীর। থানায় জিডি করার পরামর্শও দেন তিনি। তাঁর পরামর্শে পাভেলের মা ছোলেমা আক্তার ও বোন আনতা ইসলাম নিউমার্কেট থানায় ৩০ ডিসেম্বর একটি জিডি করেন। পাভেলের পরিবারের দাবি, পাভেল নিখোঁজ হওয়ার পর তিন দিন জাহাঙ্গীর তাঁদের সঙ্গে ছিলেন। কিন্তু তাঁর আচরণে তাঁরা বুঝতে পারেননি যে তিনিই পাভেলের হত্যাকারী। পাভেলের মা ছোলেমা আক্তারের দাবি, জাহাঙ্গীরের বাবা আবুল কাশেম খানও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের তথ্যমতে, বাবা আশরাফুল ইসলামের চেহলামের আগের দিন ২৬ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন পাভেল। এর আগে মা ছোলেমা আক্তারের কাছ থেকে ১৮ লাখ টাকা নিয়ে এলিফ্যান্ট রোডের কনকর্ড টাওয়ারের বাসা থেকে বের হন পাভেল। ব্যবসার কথা বলে এই টাকা নিয়ে যান তিনি। আজ দুপুরে মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে সাংবাদিকদের মনিরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ছয় মাসের তদন্তে বের হয়ে আসে যে পাভেলের হত্যার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর জড়িত। তবে প্রথমে পাভেলের ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে আমরা তদন্ত শুরু করি।’ তিনি জানান, পাভেল তাঁর ফেসবুক স্ট্যাটাসে জাহাঙ্গীরের সঙ্গে বাইরে যাওয়ার কথা লিখে যান। পরে আরও তথ্য পাওয়ার পর গতকাল বুধবার জাহাঙ্গীরকে রাজধানীর রায়েরবাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল (২৩) ও ফরহাদকে (১৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় নরসিংদীর আদিয়াবাদ কান্দাপাড়া কবরস্থান থেকে পাভেলের হাড়গোড় তোলা হয়। যুগ্ম কমিশনারের ভাষ্য, একজন হাজি (কোনো কামেল ব্যক্তি) টাকা দ্বিগুণ করে দেবেন—জাহাঙ্গীরের দেওয়া এই আশ্বাসে মায়ের কাছ থেকে টাকা নেন পাভেল। তবে নরসিংদীর কান্দাপাড়ায় আগে থেকে জাহাঙ্গীরের নির্দেশে কবর খুঁড়ে রাখা হয়। পরে ফয়সাল ও ফরহাদের সঙ্গে পাভেল নরসিংদী যান। সেখানে তাঁকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করেন ওই দুজন। এ জন্য ফরহাদ ও ফয়সালকে দুই লাখ করে চার লাখ টাকা দেন জাহাঙ্গীর। বাকি ১৪ লাখ টাকা ও পাভেলের মোবাইল ফোনসেটটি নিজের কাছে রেখে দেন তিনি। মনিরুল ইসলামের ভাষ্যমতে, এই মোবাইল ফোনসেট থেকে পাভেলের মায়ের কাছে খুদেবার্তা পাঠাতেন জাহাঙ্গীর। এতে লেখা থাকত, ‘মা, তোমাকে না জানিয়ে আমি বিয়ে করেছি। আমার জন্য চিন্তা করো না। দ্রুতই ফিরে আসব।’পাভেলের মা ছোলেমা আক্তার ডিএমপি তথ্যকেন্দ্রে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার স্বামী আশরাফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভান্ডাররক্ষক (স্টোরকিপার) ছিলেন। জাহাঙ্গীরের বাবাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। আমার স্বামী অবসর নেওয়ার পর ব্যাংকে এফডিআর করা ছিল তাঁর পেনশনের ১২ লাখ টাকা। বাকি ছয় লাখ টাকা আত্মীয়দের কাছ থেকে পাওয়া। এই টাকাটা তাঁরা ধার নিয়েছিলেন। এই টাকাই গুছিয়ে পাভেল নিয়ে যায়।’ তিনি বলেন, ‘জাহাঙ্গীরের সঙ্গ ছাড়ার জন্যই আমরা বাসা পাল্টেছি। তবে আমার স্বামীর মৃত্যুর পর পাভেলের সঙ্গে জাহাঙ্গীরের যাতায়াত বেড়ে যায়।’ পাভেলের ছোট বোন আনতা ইসলাম বলেন, ‘ভাইয়া নিখোঁজ হওয়ার পর জাহাঙ্গীরই আমাদের বেশি করে সান্ত্বনা দিত। সে আমাদের সাধারণ ডায়েরির জন্য পীড়াপীড়ি করে। এর মধ্যে মায়ের মোবাইল ফোনসেটে বার্তা পাঠানোর পর আমি ফোন করি। কিন্তু পাভেল ভাইয়ার ফোন বন্ধ পাই। তবে থানায় ডায়েরি করার পর ভাইয়ার ফেসবুক স্ট্যাটাস দেখে বুঝতে পারি জাহাঙ্গীরই এর সঙ্গে জড়িত। এর পর থেকে জাহাঙ্গীরের দেখা পাইনি।’ আনতার অভিযোগ, ভাইয়ার ছবি নিয়ে জাহাঙ্গীরের বাবা বিভিন্ন জায়গায় বলে বেড়াতেন, পাভেল একটি মেয়েকে নিয়ে ভারতে পালিয়েছেন।