পাম্প আর চালু হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ আগস্ট। রাত সোয়া ১২টা। পাবনার আটঘরিয়া উপজেলার শ্রীপুর বাজার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাজারের একটি দোকানে আগুন লাগে। খবর পাওয়ারও প্রায় পৌনে এক ঘণ্টা পর পাবনা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছায়। পানি সরবরাহের পাম্প স্থাপনে লেগে যায় আরও ১০ মিনিট। কিন্তু শত চেষ্টা করেও পাম্পটি আর চালু করা যায়নি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি পানি সরবরাহের গাড়ি এসে পৌঁছায়। বসানো হয় নতুন আরেকটি পাম্প। তিনবারের চেষ্টায় এটি চালু হয়। পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে কর্মীরা। কিন্তু তিন-চার মিনিট পর এ পাম্পটিও বিকল হয়ে যায়। এরই মধ্যে পুড়ে ছাই হয় বাজারের পাঁচটি দোকান। শেষ পর্যন্ত রাত দুুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে—এভাবেই অগ্নিকাণ্ডের বর্ণনা করেন বাজারের একাধিক দোকানমালিক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, ৩৬ বছরের পুরোনো যন্ত্রপাতি দিয়ে কাজ চালাতে হচ্ছে তাদের। ফলে মঝেমধ্যেই আগুন নেভাতে গিয়ে তাদের এ অবস্থার শিকার হতে হয়।শ্রীপুর বাজারের দোকানমালিকেরা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের অবহেলা ও পাম্প মেশিন বিকল হওয়ায় তাদের পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে গেছে নগদ প্রায় দেড় লাখ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল।ক্ষতিগ্রস্ত দোকানমালিক আবদুস সালাম জানান, তিনি স্টেশনারি ব্যবসা করেন এবং বাজার সমিতির কোষাধ্যক্ষ। ফলে বাজারের দোকানমালিকদের প্রায় এক লাখ ৫০ হাজার টাকা তাঁর দোকানে গচ্ছিত ছিল। আগুনে এই টাকা ও দোকানের মালামাল পুড়ে তিনি সর্বস্বান্ত হয়েছেন। ফায়ার সার্ভিসের পানির পাম্পটি ভালো থাকলে আগুন এতটা ছড়াত না। ক্ষতির অঙ্কও এত বড় হতো না।পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার নয় উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে মোট তিনটি। এর মধ্যে পাবনা জেলা সদরের স্টেশনটি লোকবল ও যন্ত্রপাতির দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী। এই স্টেশনে মোট দুটি পানির পাম্প, দুটি গাড়ি, দুটি ট্রাক এবং ৩২ জন লোক রয়েছে। কিন্তু এখানকার যন্ত্রপাতিগুলো অধিকাংশই পুরোনো। প্রায় ৩৬ বছর আগের যন্ত্রপাতি দিয়ে চলছে কাজ। আগুন নেভাতে গিয়ে যন্ত্রপাতি ঠিক করতেই সময় পার হয়ে যায় কর্মীদের। ফলে কোথাও আগুন লাগার খবর শুনলে এই বিভাগের কর্মীরাই ভীত হয়ে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বলেন, শিগগিরই এসব পুরোনো যন্ত্রপাতি ও পাম্প মেশিন পাল্টানো না হলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জেনেও কোনো উদ্যোগ নিচ্ছেন না।পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আনোয়ারুল হক আটঘরিয়ার শ্রীপুর বাজারের ঘটনা স্বীকার করে বলেন, পুরোনো যন্ত্রপাতির কারণে মাঝেমধ্যেই কর্মীদের এ রকম বিপাকে পড়তে হচ্ছে। আগেও অনেকবার এমন হয়েছে। তার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন পাম্প দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি।