পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা (ভিডিও)
জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামে তৌহিদুল ইসলাম (২৮) নামের যুবলীগের এক নেতাকে মারধর করে দুই পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। তৌহিদুল উপজেলার মাত্রাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক।তৌহিদুলের বাবা আফজাল হোসেন অভিযোগ করে জানান, বাড়িতে তাঁর সামনে থেকে বিএনপির সমর্থক ১০-১২ জন তৌহিদুলকে তুলে নিয়ে যায়। এরপর বাড়ির সামনে নিয়ে তাঁকে মারধর করে তাঁর দুই পায়ের রগ কেটে দেয়। পরে খবর পেয়ে কালাই থানা পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তৌহিদুলকে মারধরের সময় এলাকাবাসী ভয়ে এগোয়নি বলে জানান আফজাল। এলাকাবাসী জানান, জামায়াত নেতা সাঈদীর রায়ের পর জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা মাত্রাই বাজারে ইউনিয়ন পরিষদের কার্যালয় পুড়িয়ে দেন এবং বেশ কিছু দোকান ভাঙচুর করেন। এ ঘটনায় মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবীব কালাই থানায় মামলা করেন। মামলায় জামায়াত-শিবির ও বিএনপির ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়। পরে আওয়ামী লীগের লোকজন মামলার বেশ কয়েকজন আসামিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার জের ধরে আজকের এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তৌহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।